কক্সবাজারে আইনজীবীকে হেনস্তা ও সাংবাদিককে হুমকি

ফন্ট সাইজ:

কক্সবাজার থেকে প্রকাশিত টেলিগ্রাম নিউজের কার্যালয় পুড়িয়ে দেয়ার হুমকি এবং দুই আইনজীবীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তাদের ওপর হামলা চালানো হয়েছে বলে ভুক্তভোগী আইনজীবীদের দাবি। এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই সাংবাদিকদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেছেন রামু কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোর্শেদুল হক।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক স্ট্যাটাসে মোর্শেদুল হক লেখেন, ‘টেলিগ্রাম নিউজ অফিসটা কোথায়? প্রথম আলোর মতো জ্বালিয়ে দিতে হবে। কক্সবাজার ছাত্রদল কি জীবিত আছে? থাকলে টেলিগ্রাম নিউজের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে হবে। কানের নিচে থাপ্পড় দিয়ে দিয়ে ক্যাপশন লিখানো শিখাতে হবে এদের।’ টেলিগ্রাম নিউজের সম্পাদক ও দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন জানান, দৈনিক পূর্বকোণের কক্সবাজার সংবাদদাতা এরফান সম্প্রতি কক্সবাজার শহর ছাত্রদলের নেতা রহিমুল্লাহ খান রানার পরিবারের বিরুদ্ধে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। এর জের ধরে মঙ্গলবার কক্সবাজার আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক এরফানের ওপর হামলা ও হেনস্তার ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রদল নেতা রহিমুল্লাহ খান রানার নেতৃত্বে একটি দল মব সৃষ্টি করে বলে অভিযোগ করেন এরফান। সাংবাদিক এরফানের ওপর হামলা ও হেনস্তার ঘটনার পর টেলিগ্রাম নিউজে এ নিয়ে সংবাদ প্রকাশ করে। এরপর ওই সংবাদ সরিয়ে নিতে বিভিন্নভাবে তদবির করা হয়।

এরই ধারাবাহিকতায় রামু কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোর্শেদুল হক নিজের ফেসবুকে এমন স্ট্যাটাস দেন। অপরদিকে মঙ্গলবার রাতে ছাত্রদল নেতাকর্মীদের হাতে এডভোকেট তানভীর মোহাম্মদ তামিম ও এডভোকেট জুলফিকার জিল্লু মারধরের শিকার হয়েছে। তাদের অভিযোগ, জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ারের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের মারধর ও হেনস্তা করেন। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান।

তিনি বলেন, তাদের কেউ মারধর করেননি। নিষিদ্ধ সংগঠনের মিছিল হয়েছে, এমন খবর পেয়ে আমরা সেখানে গিয়েছিলাম। কিন্তু কাউকে মারধর করা হয়নি। টেলিগ্রাম অফিস পুড়িয়ে দেয়ার হুমকির বিষয়ে ফাহিমুর রহমান বলেন, বিষয়টি সত্যিই আমাদের জন্য বিব্রতকর। যারা এ ধরনের স্ট্যাটাস দিয়েছেন, তাদের অনেকেই ছাত্রদলের কেউ নন। অতি উৎসাহী হয়ে যে স্ট্যাটাস দিয়েছে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।