খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিতে এসে আটক হলেন ফাহাদ হোসেন (২৪) নামের এক যুবলীগ কর্মী। বুধবার ভোররাতে মহানগরীর শিববাড়ি মোড় থেকে তাকে আটক করা হয়। আটক ফাহাদ শেখপাড়ার হাসান উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে তিনজন যুবক একটি মোটরসাইকেলে এসে শিববাড়ি মোড়ে অবস্থান নেয়।
এ সময় একজন যুবক স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার উদ্দেশ্যে স্তম্ভের কাছে যায়। সন্দেহ হলে তাকে তল্লাশি চালায় স্থানীয় কয়েকজন। এ সময় তার কাছ থেকে বোতলভর্তি পেট্রোল ও পটকা জাতীয় কিছু বস্তু উদ্ধার করা হয়। পরে পুলিশকে খবর দেয়া হলে তাকে থানায় নিয়ে যায়। সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে তিনজন ছিল। জনতা ও পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’জন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। বাকিদের ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।
