কুমিল্লায় মা-মেয়েকে হত্যা মামলায় মোবারকের মৃত্যুদণ্ড

কুমিল্লায় মা-মেয়েকে হত্যা মামলায় মোবারকের মৃত্যুদণ্ড

ফন্ট সাইজ:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৩) ও তার মা তাহমিনা বেগম (৫২) হত্যা মামলায় একমাত্র আসামি মো. মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে অর্থদণ্ডও দেয়া হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াছিন আরাফাত এ রায় ঘোষণা করেন। আসামি মোবারক হোসেন (২৯) পেশায় কবিরাজ ও ঝাড়ফুঁকের কাজ করতেন। পাশাপাশি তিনি কুমিল্লা নগরের একটি মসজিদে খাদেমের দায়িত্ব পালন করতেন। মামলার বিবরণ ও তদন্তের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৭ই সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসায় সুমাইয়া ও তার মাকে হত্যা করা হয়। পরদিন ৮ই সেপ্টেম্বর পুলিশ ওই বাসা থেকে দু’জনের মরদেহ উদ্ধার করে। সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশের তদন্তে জানা যায়, ঝাড়ফুঁক ও কবিরাজির সূত্র ধরে মোবারকের সঙ্গে সুমাইয়াদের পরিচয় হয়।

ঘটনার আগে প্রায় এক মাস ধরে তিনি ওই বাসায় যাতায়াত করতেন। তদন্ত ও আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে জানা যায়, ঘটনার দিন সুমাইয়াকে ধর্ষণের চেষ্টা ও নির্যাতনের সময় তার মা বিষয়টি দেখে ফেলেন। এরপর প্রথমে মা’কে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে সুমাইয়াকেও হত্যা করেন মোবারক। ঘটনার পর পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে মোবারককে গ্রেপ্তার করে। তদন্তে তার বিরুদ্ধে হত্যার পাশাপাশি বাসা থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির অভিযোগও উঠে আসে। ২০২৫ সালের ৯ই সেপ্টেম্বর কুমিল্লার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে মোবারক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। তদন্ত শেষে ২০২৬ সালের ১৪ই জুলাই কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরীফ ইবনে আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২) ধারা এবং দণ্ডবিধির ৩০২ ও ৩৮০ ধারায় অভিযোগ আনা হয়। আদালত অভিযোগপত্র গ্রহণ করে বিচার শুরু করেন। সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে গত ২৭শে অক্টোবর যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এরপর ৫ই নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য থাকলেও আদালত তা পিছিয়ে ১১ই নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন। অবশেষে আদালত মামলার একমাত্র আসামি মোবারককে মৃত্যুদণ্ডের রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোতালেব হোসেন বলেন, ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মাধ্যমে মাত্র তিন মাস ১৫ দিনের মধ্যে এ মামলার রায় ঘোষণা করা হয়েছে। আদালত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আমরা এ রায়ে সন্তুষ্ট। সুমাইয়াকে হত্যার দায়ে দুই লাখ টাকা এবং তার মাকে হত্যার দায়ে এক লাখ টাকাসহ মোট তিন লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।