যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আটক

ফন্ট সাইজ:

যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরের দিকে মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত শফিয়ার শেখকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। নিহত আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান সদস্য ছিলেন। জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে শফিয়ার শেখ ধারালো হাঁসুয়া দিয়ে আবু তালেবকে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্বজনেরা আহত আবু তালেবকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ভাষ্য, প্রায় ১৫ বছর আগে শফিয়ারের জমির পাশে একটি জমি কেনেন আবু তালেবের পরিবার। ওই জমি শফিয়ারও কিনতে চেয়েছিলেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারা দূর সম্পর্কের আত্মীয় বলেও জানা গেছে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত শফিয়ার শেখকে আটক করা হয়। এ ঘটনায় তদন্ত চলছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।