মৌলভীবাজারের রাজনগর ইউনিয়ন ভূমি অফিসের গাছের ডালে পিন্টু কর (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে নিহতের শরীর গাছের সঙ্গে ঝুলানো থাকলেও হাঁটু ছিল সেপ্টিক ট্যাঙ্কের ঢালাইয়ের সঙ্গে লাগানো। এটি হত্যা নাকি ভিন্ন কিছু এ নিয়ে পরিবার সন্দেহ করছে। তবে, সে ঋণে জর্জরিত হয়ে হতাশায় ভুগছিল বলে অনেকেই জানিয়েছেন। বুধবার সকালে উপজেলার মনসুরনগর ইউনিয়ন ভূমি অফিসের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের হাসানপুর গ্রামের সুকিন্দ্র করের ছেলে পিন্টু মৌলভীবাজার শহরের একটি বেকারিতে কাজ করতো। কাজ শেষে প্রতিদিনই বাড়ি ফিরে আসতো। মঙ্গলবার রতে বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে ফোন করলেও সে ফোন ধরেনি। বুধবার সকালে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে জানায়। নিহতের ফুফাতো ভাই উজ্জ্বল বলেন, সে খুব ভালো ছেলে ছিল, পরিবারে ঝগড়া বিবাদ ছিলনা, আত্মহত্যা করার মতো কোনো কারণই নাই।
কারো সঙ্গে শত্রুতাও নেই। আমরা এর সঠিক তদন্ত চাই। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের বলেন, পরিবার ও পরিচিত কয়েকজন থেকে প্রায় আড়াই লাখ টাকা ঋণ করেছে গত কয়েক দিনে। তিনি আরো বলেন, বিভিন্ন আলামতে ধারণা করা হচ্ছে ঋণগ্রস্ত হওয়ায় সে হতাশায় ভুগছিল। ফলে আত্মহত্যা করতে পারে। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।
