জয়পুরহাটের কালাইয়ে ১৩টি হিমাগারে এখনো মজুত রয়েছে ৬ লাখের বেশি বস্তা খাবার আলু। উৎপাদন ও সংরক্ষণ খরচের তুলনায় বাজারদর অনেক কম হওয়ায় লোকসানের ভয়ে এসব আলু তুলছেন না কৃষক ও ব্যবসায়ীরা। অন্যদিকে নতুন মৌসুমের আলু সংরক্ষণের প্রস্তুতি নিতে হিমাগার খালি করার তাগিদ দিচ্ছেন মালিকেরা। নির্ধারিত সময়ের মধ্যে আলু বিক্রি বা উত্তোলন করা না গেলে এসব আলু গবাদিপশুর খাদ্য হিসেবে বিক্রি করতে, এমনকি মাটিতে পুঁতে ফেলতে হতে পারে বলে আশঙ্কা করছেন হিমাগারসংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে কৃষক-ব্যবসায়ীদের পুঁজি হারানোর পাশাপাশি ব্যাংক ঋণের কিস্তি ও সুদ পরিশোধ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। কালাই উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এবার উপজেলায় প্রায় ১২ হাজার ৫৫ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। উপজেলার ১৩টি হিমাগারের মোট ধারণক্ষমতা ২২ লাখ ৫৯ হাজার বস্তা।
বর্তমানে মজুত রয়েছে ৭ লাখ ২৯ হাজার ১০০ বস্তা আলু। এর মধ্যে সাতটি হিমাগারে ১ লাখ ২৫ হাজার বস্তা বীজ আলু রয়েছে। সে হিসাবে খাবার আলু রয়েছে ৬ লাখ ৪ হাজার ১০০ বস্তা। চাষি ও ব্যবসায়ীরা জানান, উৎপাদন খরচ, শ্রমিক, হিমাগার ভাড়া, পরিবহন ও অন্যান্য ব্যয়সহ প্রতি কেজি আলুতে খরচ পড়েছে প্রায় ২৮ টাকা। অথচ হিমাগারের দরজায় বিক্রি হচ্ছে মাত্র ৭ থেকে ৮ টাকা কেজি দরে। এতে কেজিপ্রতি লোকসান হচ্ছে ২০ থেকে ২১ টাকা। নিশ্চিন্তা এলাকার ব্যবসায়ী আব্দুল মান্নান ব্যাংক ঋণ নিয়ে ২৪ হাজার বস্তা আলু রেখেছেন। প্রতি বস্তায় তার খরচ ১ হাজার ৪১০ টাকা। ৮৬০ থেকে ৮৭০ টাকা দরে বিক্রি করলে তার লোকসান হবে প্রায় ১ কোটি ২৯ লাখ ৬০ হাজার থেকে ১ কোটি ৩২ লাখ টাকা। তিনি বলেন, ঋণ শোধ করা তো দূরের কথা, দিন দিন দেনা বাড়ছে। অথচ হিমাগারের ভাড়া ঠিকই দিতে হচ্ছে।
পুনট বাজারের ব্যবসায়ী আসাদুজ্জামান ফকির ১৭ হাজার বস্তা আলু রেখেছিলেন। এর মধ্যে ৯ হাজার বস্তা বিক্রি করেছেন, এখনো ৮ হাজার বস্তা মজুত রয়েছে। তার দাবি, লোকসানের কারণে টানা তিন বছর ধরে ঋণের চাপ বেড়েছে। এ বছর নগদ ঋণ বা সিসি ঋণ নবায়ন করতে না পারায় ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে। পুনট কোল্ড স্টোরেজের সহকারী ব্যবস্থাপক এনামুল হক জানান, তাদের হিমাগারে এখনো ৪৫ শতাংশ আলু মজুত রয়েছে। গত এক সপ্তাহে বিক্রি হয়েছে মাত্র ২ শতাংশ। নতুন আলু সংরক্ষণের সময় ঘনিয়ে আসায় কৃষক ও ব্যবসায়ীদের আলু তুলে নিতে মাইকিং করা হচ্ছে। সাউথপুল কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক জয়ন্ত কুমার সরকার বলেন, বীজ আলু তুলে নেয়ার পরও খাবার আলুর বড় অংশ পড়ে থাকার আশঙ্কা রয়েছে।
সময়মতো বিক্রি না হলে এসব আলু পশুখাদ্য হিসেবে বিক্রি করতে বা মাটিতে পুঁতে ফেলতে হতে পারে। এতে আলুর মালিকদের পাশাপাশি হিমাগার মালিকেরাও আর্থিক ক্ষতির মুখে পড়বেন। ঋণগ্রস্ত ব্যবসায়ীরা কিস্তি ও সুদ দিতে না পারলে ব্যাংকঋণ নিয়েও জটিলতা বাড়বে। কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশীদ বলেন, এখন পর্যন্ত হিমাগার থেকে প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ আলু উত্তোলন হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় কম। দাম আশানুরূপ না হওয়ায় কৃষক ও ব্যবসায়ীরা আলু তুলছেন না। ফলে সংরক্ষণ ব্যয় তাদের ওপর বাড়তি চাপ তৈরি করছে।
