ব্রিজের সংযোগ সড়কের অভাবে ভোগান্তি

ব্রিজের সংযোগ সড়কের অভাবে ভোগান্তি

ফন্ট সাইজ:

বাগেরহাটের মোরেলগঞ্জের জিউধরা ইউনিয়নের বরইতলা ও ঠাকুরনতলা খালের উপর নির্মিত বেইলি ব্রিজটি এক বছর ধরে পড়ে আছে দুই প্রান্তের অ্যাপ্রোচ (সংযোজক) সড়ক ছাড়াই। ফলে কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি কোনো কাজেই আসছে না। উল্টো চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ৬ গ্রামের হাজার হাজার মানুষকে। সরজমিন খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার জিউধরা ইউনিয়নের বরইতলা ও ঠাকুরনতলা সংযোগ খালের উপর সরকারি অর্থে সেতুটি ও কার্পেটিং রাস্তার কাজ প্রায় তিন বছর আগে শুরু হয়। সেতুর মূল কাঠামো নির্মাণের কাজ এক বছর আগে শেষ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে ওঠা-নামার দুই প্রান্তে কোনো সংযোগ সড়ক তৈরি করা হয়নি। এতে সরকারের বিশাল অঙ্কের অর্থ খরচ হলেও সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ বিন্দুমাত্রও কমেনি। প্রতিদিন এই সেতু পার হয়ে ইউনিয়নের ভেতরের বরইতলা, বাইনতলা, চন্দনতলা, মঠবাড়ী, ঠাকুরনতলা ও সোমদ্দারখালী-এই ছয় গ্রামের ২-৩ হাজার মানুষ যাতায়াত করেন। এ ছাড়া সেতু পার হয়ে পার্শ্ববর্তী নিশানবাড়িয়া ইউনিয়নের মৌলভীবাজার, আলীরবাজার, জয়বাংলা বাজার ও জিউধরা বাজারে নিয়মিত যাতায়াত করতে হয় সর্বসাধারণের।

সেতুটির উভয় পাশে সংযোগ সড়ক না থাকায় ৩টি প্রাথমিক বিদ্যালয়সহ মাদ্রাসার শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। বিশেষ করে বর্ষা মৌসুমে কোমলমতি শিশু শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। এ ছাড়া এলাকার কেউ অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতালে নেয়ার মতো কোনো সুযোগ থাকে না। স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম শেখ, মজিবুর হাওলাদার ও জাকির খান ক্ষোভ প্রকাশ করে বলেন, ৩ বছর আগে কাজ শুরু হলেও ১ বছর ধরে অসমাপ্ত সেতুটি ফেলে রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান লাপাত্তা। সরকার সাধারণ মানুষের চলাচলের জন্য এত টাকা খরচ করে সেতু বানিয়ে দিলো, অথচ আমাদের দুর্ভোগ ঘুচলো না।

দ্রুত সংযোগ সড়কের কাজ শেষ করে মানুষের যাতায়াত সহজ করার জোর দাবি জানাচ্ছি। ঠাকুরনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, সেতুর সংযোগ সড়ক না থাকায় আমাদের বিদ্যালয়ের ছোট ছোট শিশু শিক্ষার্থীদের পারাপারে মারাত্মক সমস্যা হচ্ছে। আমরা দ্রুত কাজটি সম্পন্ন করার দাবি জানাই। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, সেতুটির কাজ প্রায় সমাপ্ত হয়েছে। শুধু দুই প্রান্তে ওঠার অ্যাপ্রোচ সংযোগের কাজটি বাকি রয়েছে।
ঠিকাদার প্রতিষ্ঠান যদি কাজ বন্ধ রেখে থাকে, তবে খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।