উত্তরের প্রায় প্রতিটি জেলায় সদর হাসপাতাল থাকলেও রংপুর এর ব্যতিক্রম। রংপুরে নেই সদর হাসপাতাল। এক সময় রংপুর সদর হাসপাতালে হাতকাটা থেকে শুরু করে বিভিন্ন ছোটখাটো রোগের চিকিৎসা দেয়া হতো। বিশেষ করে রংপুরের স্থানীয় মানুষজন এ হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করতেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত হওয়ার পর বন্ধ হয়ে যায় সদর হাসপাতাল। ফলে সকল রোগীর চাপ এসে পড়েছে রংপুর মেডিকেল হাসপাতালে। ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী রংপুর জেলার মোট জনসংখ্যা ৩১ লাখ ৬৯ হাজার ৬১৫ জন। কিন্তু এ সকল মানুষদের জন্য সদর হাসপাতাল নেই। সরজমিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যায়, হাসপাতালটি এক হাজার শয্যার হলেও রোগী রয়েছে প্রায় আড়াই হাজার। অন্যদিকে প্রয়োজনের তুলনায় জনবলও রয়েছে অর্ধেকের কম। এর ফলে একদিকে যেমন চিকিৎসক-নার্সরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন, অপরদিকে রোগীদেরও চিকিৎসা গ্রহণ করতে নানা হয়রানির শিকার হতে হচ্ছে।
এদিকে সদর হাসপাতালের অবকাঠামো সরজমিন গিয়ে দেখা যায়, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভবনটি। এক সময় যে ভবনটিতে রোগীরা পেতেন স্বাস্থ্যসেবা, আজ সেই হাসপাতাল পড়ে আছে জরাজীর্ণ অবস্থায়। যেন দেখার কেউ নেই। জানা যায়, রংপুর বিভাগের সব জেলা থেকেই চিকিৎসা নিতে রংপুরে আসেন মানুষজন। কিন্তু রোগীর চাপের কারণে ভোগান্তি পোহাতে হয় এসব রোগীদের। সচেতনরা বলছেন, ২শ’ শয্যার সদর হাসপাতাল চালু করা গেলে রংপুর মেডিকেল হাসপাতালে রোগীর চাপ কমবে। ফলে চিকিৎসকদেরও সেবা দিতে হিমশিম খেতে হবে না। এদিকে সদর হাসপাতাল চালুর বিষয়ে পরিকল্পনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। রংপুর নগরীর জুম্মাপাড়ার শাবনাজ বেগম বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর অনেক চাপ থাকে।
যদি সদর হাসপাতাল চালু থাকতো তাহলে অন্তত স্থানীয়রা এখানে চিকিৎসা নিতে পারতাম। সুশাসনের জন্য নাগরিক সুজনের রংপুর জেলা সভাপতি ফখরুল আনাম বেঞ্জু বলেন, রংপুর সবদিক থেকেই বঞ্চিত। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রচুর রোগীর চাপ থাকে। স্থানীয়রাই সেখানে চিকিৎসার সুযোগ পান না। পুনরায় যদি রংপুর সদর হাসপাতালকে ২শ’ শয্যা হাসপাতাল হিসেবে চালু করা যায়, তাহলে রংপুরবাসী যেমন উপকৃত হবে, তেমনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও রোগীর চাপ অনেকখানি কমে যাবে। রংপুর সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বলেন, প্রতিটি জেলাতেই সদর হাসপাতাল আছে, সেই ক্ষেত্রে রংপুরে একটি সদর হাসপাতাল হওয়া উচিত। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন যে প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছে আমরা তা দিয়েছি, যাতে করে রংপুরে একটি সদর হাসপাতাল প্রতিষ্ঠিত হয়।
