চট্টগ্রামের অক্সিজেন মোড়ে হচ্ছে সাত র‌্যাম্পের ফ্লাইওভার

চট্টগ্রামের অক্সিজেন মোড়ে হচ্ছে সাত র‌্যাম্পের ফ্লাইওভার

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়ের দীর্ঘদিনের যানজট নিরসনে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে সাতটি র‌্যাম্পবিশিষ্ট ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। একই প্রকল্পের আওতায় বায়েজিদ থেকে কুয়াইশ পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার সড়ক চার লেন থেকে ছয় লেনে উন্নীত করা হবে।
মঙ্গলবার এ প্রকল্পের উন্নয়ন প্রস্তাব (ডিপিপি) ও প্রাথমিক নকশা নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মতামত নিতে সিডিএ কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের সভাপতিত্বে সভায় বাংলাদেশ সেনাবাহিনী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং পরামর্শক প্রতিষ্ঠান ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্ট লিমিটেডের (ডিএমপি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সিডিএ সূত্রে জানা গেছে, ‘অক্সিজেন জংশনে ফ্লাইওভার নির্মাণসহ অক্সিজেন হতে কুয়াইশ সংযোগ সড়ক সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প’ নামে উদ্যোগটি বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পের ডিপিপি তৈরির দায়িত্বে থাকা পরামর্শক প্রতিষ্ঠান ফ্লাইওভারের একটি প্রাথমিক নকশা তৈরি করেছে। সভায় নকশার বিভিন্ন দিক পর্যালোচনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মতামত নেয়া হয়। প্রস্তাবিত নকশায় ফ্লাইওভারে বিভিন্ন দিক থেকে যানবাহন ওঠা-নামার জন্য সাতটি র‌্যাম্প রাখার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে বায়েজিদ মোড় থেকে ফ্লাইওভারে উঠে একটি র‌্যাম্প দিয়ে হাটহাজারী সড়ক এবং অন্যটি দিয়ে কুয়াইশ সড়কের দিকে যাওয়া যাবে।

অন্যদিকে, হাটহাজারী সড়ক থেকে ফ্লাইওভারে উঠে একটি র‌্যাম্প দিয়ে বায়েজিদ এবং অপরটি দিয়ে মুরাদপুরের দিকে নামার ব্যবস্থা থাকবে। কুয়াইশ সড়ক থেকেও একটি র‌্যাম্প সরাসরি বায়েজিদের সঙ্গে যুক্ত হবে। ফ্লাইওভারের পাশাপাশি বায়েজিদ-কুয়াইশ সড়ক সম্প্রসারণেও গুরুত্ব দেয়া হচ্ছে। সিডিএ’র মাস্টারপ্ল্যানে অক্সিজেন-কুয়াইশ সড়ককে প্রাইমারি রোড হিসেবে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে সড়কটির বিভিন্ন অংশের প্রস্থ ৪০ থেকে ৬০ ফুট। পরিকল্পনা অনুযায়ী, তা বাড়িয়ে ৯০ ফুট করা হবে। প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়কটি চার লেন থেকে ছয় লেনে উন্নীত করার প্রস্তাব রয়েছে। ফ্লাইওভার ও সংযোগ সড়ক মিলিয়ে পুরো প্রকল্পের বিস্তৃতি হবে প্রায় সাড়ে সাত কিলোমিটার। প্রকল্প বাস্তবায়নে যান চলাচল স্বাভাবিক রাখা এবং কারিগরি বিষয়গুলো সমন্বয়ের জন্য সিএমপি’র ট্রাফিক বিভাগ ও সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে কাজ করবে সিডিএ।

সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, অক্সিজেন মোড়ের যানজট নিরসনে ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। পাশাপাশি অক্সিজেন থেকে কুয়াইশ পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার সড়ক সম্প্রসারণ করে ছয় লেনে উন্নীত করা হবে। জনগুরুত্ব বিবেচনায় প্রকল্পটি গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির কাজ চলছে।