রিয়াদ লক্ষ্য করে হুতিদের ৩ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

রিয়াদ লক্ষ্য করে হুতিদের ৩ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ফন্ট সাইজ:

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে এসব ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত ও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। খবর আনাদোলু এজেন্সির।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে বলেন, ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়েছে।

তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হুতিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, হুতি ও সৌদি আরবের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই সর্বশেষ এই ঘটনা ঘটলো। সৌদি নেতৃত্বাধীন জোট এর আগে দেশটির বিভিন্ন অঞ্চলে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন বারবার প্রতিহত করার কথা জানিয়েছে।

ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা। অন্যদিকে, হুতি অবস্থান লক্ষ্য করে সামরিক অভিযান চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট।