জয়পুরহাটের আক্কেলপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে আটক ১৯ আসামিকে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আক্কেলপুর আমলি আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত মঙ্গলবার রাত ১০টার দিকে আক্কেলপুর শহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় ৯টি মোটরসাইকেল ও ৮টি মুঠোফোন জব্দ করেছে পুলিশ। বিশেষ ক্ষমতা আইন ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২০ থেকে ২৫ জন পালিয়ে যায় বলেও এজাহারে উল্লেখ রয়েছে। আটককৃতরা হলো- আক্কেলপুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুর রহমান সঞ্জু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নাসিমুজ্জামান রকেট, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন। আক্কেলপুর থানার ওসি মেহেদী মাসুদ বলেন, নাশকতার পরিকল্পনার খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
