চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রী হয়রানি, ৩ জনের কারাদণ্ড

ফন্ট সাইজ:

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, সেবার মান নিশ্চিত ও শৃঙ্খলা বজায় রাখতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। গত কয়েকদিনে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে এসব অভিযান চালানো হয়। বুধবার বিমানবন্দর কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নির্বিঘ্নে আগমন ও প্রস্থান নিশ্চিত করা, বিমানবন্দরের বিভিন্ন দোকান ও লাউঞ্জের খাবারের মান ও মূল্য যাচাই এবং যাত্রী টার্মিনালের ড্রাইভওয়েতে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এসব অভিযান পরিচালিত হয়। বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে পার্কিং এলাকা ও ড্রাইভওয়েতে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৭ (২) ধারা লঙ্ঘনের দায়ে পাঁচজনকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া যাত্রী হয়রানির অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। বিমানবন্দরে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।