কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্যের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। বুধবার রাতে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিবউদ্দীন জনি। তবে মামলার এজাহারে উল্লেখ করা আসামিদের নামের তালিকা পুলিশ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। বুধবার সকাল ১১টার দিকে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে যায় ডিবি পুলিশের একটি দল।
এ সময় মাদকসেবীদের সঙ্গে পুলিশ সদস্যদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ডিবি সদস্যরা হামলার শিকার হন। এ ঘটনায় ডিবির উপ-পরিদর্শক জনি, উপ-পরিদর্শক জিহাদ ও কনস্টেবল ইমরান আহত হন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা নিতে দেখা যায়। চিকিৎসা শেষে তারা হাসপাতাল ত্যাগ করেন। মামলার বাদী এসআই রকিবউদ্দীন জনি বলেন, তিনি এ মামলার বাদী।
ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি সিটি স্ক্যান করানোর কথা জানিয়ে পরে কথা বলবেন বলে জানান। কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি ফারুকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলাটি করা হয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, ডিবি পুলিশের সদস্যরা মাদক উদ্ধারের অভিযানে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় মামলা হয়েছে।
