জমি বিক্রির পর আরেক ব্যক্তিকে পাওয়ার অব অ্যাটর্নি দেয়ার অভিযোগ

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জে এক ব্যক্তির কাছে জমি বিক্রি করে আবার আরেক ব্যক্তিকে ওই জমির পাওয়ার অব অ্যাটর্নি দেয়ার অভিযোগ উঠেছে। প্রতারণামূলকভাবে দেয়া এই পাওয়ার অব অ্যাটর্নি বাতিলের দাবি জানিয়েছেন ভুক্তভোগী জমির ক্রেতা মো. মানিক মিয়া। বুধবার দুপুরে জেলা শহরের গৌরাঙ্গবাজার এলাকায় স্থানীয় একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তিনি। ভুক্তভোগী মো. মানিক মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ নামাপাড়া গ্রামের মৃত মো. সিরাজ মিয়ার ছেলে। লিখিত বক্তব্যে মানিক জানান, গত ২৪শে মার্চ একই এলাকার সৈয়দ মাহবুবুর রহমানের কাছ থেকে ২১ লাখ ৫০ হাজার টাকা দিয়ে ৮৯ দশমিক ৭৫ শতাংশ জমির বায়নাপত্র করেন তিনি। পরে ৩রা জুলাই আরও দলিল সম্পাদনের পাশাপাশি ২৬ দশমিক ২৫ শতাংশ জমি সাফ-কবলা করেন। এসব জমি নিজের নামে নামজারি ও খাজনা পরিশোধ করেন তিনি।

মানিকের অভিযোগ, তাকে না জানিয়ে জমি বিক্রেতা সৈয়দ মাহবুবুর রহমান গত ২২শে জুন একই গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে আবুল কালামকে তার (মানিক মিয়ার) কাছে বিক্রি করা জমির একটি পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করে। এতে দলিল লেখক মহিউদ্দিন বাবুল, তার মেয়ের জামাতা উসমান গনি ও আবুল কালামের ছেলে আজিজুল হাকিম জড়িত বলে অভিযোগ করেন তিনি। মানিকের দাবি, ওই পাওয়ার অব অ্যাটর্নিতে জমির দাগ ও খতিয়ান নম্বরসহ তথ্যে নানা অসঙ্গতি রয়েছে। এমনকি তার কেনা জমির অংশও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ নিয়ে প্রতিবাদ করায় তাকে বিভিন্ন ধরনের হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মানিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রতারণামূলক পাওয়ার অব অ্যাটর্নি বাতিলের দাবি জানিয়েছেন। এ বিষয়ে জমি বিক্রেতা সৈয়দ মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি পাওয়ার অব অ্যাটর্নি স্বেচ্ছায় দেইনি। আমি লেখাপড়া জানি না। আমার সঙ্গে প্রতারণা করে পাওয়ার অব অ্যাটর্নিতে স্বাক্ষর নিয়েছে আবুল কালাম।