পাবনা সদর উপজেলার দোগাছী বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ সেøাগান দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ব্যাংক কার্যালয়ের সাইনবোর্ডে আগুন দেয়ার পাশাপাশি ভাঙচুর করা হয় থাইগ্লাস। গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা প্রথমে শাখা কার্যালয়ের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয়। পরে অফিসের থাইগ্লাসগুলো ভেঙে ফেলে। যাওয়ার সময় কার্যালয়ের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। তিনি জানান, এ সময় কার্যালয়ের ভেতরে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাব বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন।
তার চিৎকার শুনে বাড়ির মালিক, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় কার্যালয়টি। আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে বলেও অভিযোগে তিনি জানান। পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশের টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকালে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
