শরণখোলায় জব্দকৃত কার্গো জাহাজে আগুন

ফন্ট সাইজ:

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে জব্দকৃত ২৩০ টন কয়লাবোঝাই কার্গো জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস সদস্যদের ঘণ্টাব্যপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বুধবার সকালে শরণখোলা রেঞ্জ সংলগ্ন এলাকার নদীতে ভাসমান অবস্থায় থাকা কার্গোতে এ ঘটনা ঘটে। শরণখোলা রেঞ্জের হাড়বাড়িয়া থেকে বিদেশি কয়লা পাচার করে নেয়ার পথে বনরক্ষীরা গত ১৮ই অক্টোবর বিকালে ভোলা নদীতে ৯ পাচারকারীসহ কাগোর্টি আটক করেন। সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, বুধবার সকালে বনরক্ষীরা নোঙর করে রাখা কার্গো থেকে ধোঁয়া বের হতে দেখে শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা ঘণ্টাব্যাপী কয়লায় পানি দিয়ে ধোঁয়া নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। বড় ধরনের আগুনের দুর্ঘটনা এড়াতে কার্গো থেকে কয়লা নামানোর প্রস্ততি নেয়া হয়েছে বলে এসিএফ জানান। শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আফতাদ ই আলম বলেন, অগ্নি দুর্ঘটনা এড়াতে দ্রুত কয়লা খালাস করার জন্য বনবিভাগকে পরামর্শ দেয়া হয়েছে। শরণখোলা থানার ওসি রোকেয়া খানম বলেন, জব্দকৃত কার্গোর কয়লা শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন সুন্দরবনের পাশে নামানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।