শিবচর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দলিল লেখকদের আন্দোলন

ফন্ট সাইজ:

শিবচর উপজেলা সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন দলিল লেখকেরা। এ সময় অফিসের কর্মচারী কার্যালয়ের ভেতর থেকে তালা দিলে বাইরে বিক্ষোভ করা হয়। বুধবার সকালে শিবচর উপজেলা সাব- রেজিস্ট্রি অফিসের সামনে ঘটে এ ঘটনা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
দলিল লেখকদের অভিযোগ, গত ৮ই নভেম্বর শিবচর সাব- রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন আবরার ইবনে রহমান। যোগদানের পর থেকেই বিভিন্ন কারণ দেখিয়ে দলিল নিবন্ধন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছেন তিনি। আইনের অজুহাতে দলিল আটকে রেখে পরে নিবন্ধনের জন্য ঘুষ দাবি করেন। এই ঘটনায় সাব-রেজিস্ট্রারের পদত্যাগ দাবি করে আন্দোলনে নামে দলিল লেখক সমিতির সদস্যরা। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। একইসঙ্গে ওই সাব-রেজিস্ট্রারকে দ্রুত অপসারণ দাবি করেন।
দলিল লেখক সমিতির সভাপতি ইব্রাহিম মুন্সি বলেন, ‘বিভিন্ন আইনের অজুহাতে আমাদের দলিল আটকে দেন। পরে মোটা অংকের টাকা ঘুষ দাবি করেন। ঘুষ দিলে কাজ করে দেন। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে সাব-রেজিস্ট্রার আবরার ইবনে রহমান বলেন, ‘সরকারি বিধিমালা মেনেই দলিল নিবন্ধনের কাজ করছি। কিন্তু কেউ কেউ ত্রুটিযুক্ত দলিল নিয়ে আসেন। সেগুলো নিবন্ধনের অনুমতি না দেয়ায় তারা আমার ওপর ক্ষুব্ধ হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, ‘দলিল লেখকদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। দোষ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া দলিল লেখকদের কোনো অন্যায় থাকলেও সেটিও’র ব্যবস্থা নেয়া হবে।’