টেকনাফে ২ লাখ ইয়াবাসহ আটক ২

ফন্ট সাইজ:

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ২ লাখ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়। বুধবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত নাফ নদে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন, টেকনাফ। টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে জানান, গোপন সংবাদে মিয়ানমার থেকে নাফ নদ হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের তথ্য পায় কোস্ট গার্ড। এ তথ্যের ভিত্তিতে নদীতে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি লক্ষ্য করে থামার সংকেত দেয়া হয়। তবে বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে সাবরাংয়ের আলোগোলা জোড়া এলাকা সংলগ্ন নাফ নদ থেকে বোটটি আটক করতে সক্ষম হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ইয়াবা উদ্ধার করে বোটে থাকা দু’জনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেনÑ টেকনাফের সাবরাং ইউনিয়নের নুর মোহাম্মদ (৫০) ও নজির আহমদ (৪১)। আটক নজির জানান, আমরা এক নৌকায় চারজন ছিলাম। মিয়ানমারের সীমান্ত নাফ নদে গিয়ে ইয়াবার চালান গ্রহণ করি। সেটি নিয়ে আসার সময় কোস্ট গার্ড ধাওয়া করে আমাদের আটক করে। তবে কার কাছে ইয়াবার চালান পৌঁছাতে হবে, সেটি আমি জানি না। কোস্ট গার্ড জানায়, জব্দ করা ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।