সাতক্ষীরা-৪ (শ্যামনগর) সংসদীয় আসনের এমপি গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বিলোপের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার বেলা ১১টায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করে তারা এমন কর্মসূচির ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেনÑ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নওয়াবেঁকি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের উপজেলা সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের উপজেলা সভাপতি দেবব্রত ব্যানার্জি, ছফুরুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক নাসির উদ্দিন প্রমুখ।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের পক্ষে লিখিত বক্তব্যে পাঠ করেন মালঞ্চর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, স্থানীয় এমপি গাজী নজরুল ইসলাম অপ্রাপ্ত বয়স্ক কথিত দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় বর্তমানে কারাগারে। প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর হয়ে সংসদে প্রতিনিধিত্ব করা ব্যক্তির নিজ অপকর্মের দায়ে জেলে থাকার দরুন সংসদে শ্যামনগরের মানুষের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত হচ্ছে না। জামায়াতে ইসলামীর ইনসাফ, ন্যায়বিচার ও নৈতিকতার সেøাগানে বিশ্বাস রেখেই তাদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করেছিলাম আমরা। কিন্তু সেই প্রার্থীকে ঘিরে সৃষ্ট গুরুতর বিতর্ক ও আইনি পদক্ষেপের কারণে শ্যামনগরের মানুষের সামাজিক মর্যাদা ও ভাবমূর্তি আজ প্রশ্নের মুখে। জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে প্রশ্ন রেখে মিজানুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, জামায়াতে ইসলামী আসনটির ভবিষ্যৎ নিয়ে কার্যকর নিষ্পত্তির পরিবর্তে দীর্ঘসূত্রতা সৃষ্টি করছে। শ্যামনগরের মানুষ কেন কার্যকর জনপ্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হবেন? সুন্দরবনের জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপত্তা, বনদস্যুদের দৌরাত্ম্য, নদীভাঙন, বেড়িবাঁধ, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয় সংসদে তুলে ধরবেন কে? শ্যামনগরের মানুষের গণতান্ত্রিক অধিকার, মর্যাদা ও কার্যকর জনপ্রতিনিধিত্বের দাবিতে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে আগামী ১৩, ১৪ ও ১৫ই নভেম্বর শ্যামনগরের ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার সর্বমোট ১০৮টি ওয়ার্ডে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি পরিচালনা করবে। সংবাদ সম্মেলন থেকে জাতীয় সংসদের স্পিকার, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে নেতৃবৃন্দ দুই দফা দাবি উত্থাপন করেন। আর দাবি দু’টি হলো সংসদ সদস্যের আসন সংক্রান্ত সাংবিধানিক ও আইনগত বিষয় দ্রুত নিষ্পত্তি করা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ উপনির্বাচনের মাধ্যমে শ্যামনগরের মানুষকে নতুন প্রতিনিধি নির্বাচনের সুযোগ দান।
এমপি গাজী নজরুলের সংসদ সদস্য পদ বিলোপের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
১২ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
