ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শালসহ গ্রেপ্তার ২

ফন্ট সাইজ:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চেকপোস্ট বসিয়ে প্রায় ১১ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও শালসহ দু’জনকে গ্রেপ্তার করেছে এসআরবি। গতকাল দিবাগত রাত পৌনে ৪টার দিকে এক্সপ্রেসওয়ের পদ্মা উত্তর থানার মেদিনী মণ্ডল এলাকা থেকে এগুলো আটক করা হয়। এসআরবি জানায়, গোপন সংবাদে এসআরবি-১০ জানতে পারে ভারতীয় শাড়ি ও শালবোঝাই দু’টি কাভার্ডভ্যান ঢাকা-মাওয়া এক্সপ্রেস হয়ে ঢাকার দিকে যাচ্ছে। এমন সংবাদে তারা পদ্মা সেতু উত্তর থানার মেদিনী মণ্ডল এলাকায় চেকপোস্ট বসিয়ে কাভার্ডভ্যান দু’টিকে আটক করে। পরে তল্লাশি করে দেখা যায় কাভার্ডভ্যানে ২৬ হাজার ৩৫৩ পিস শাড়ি ও ২ হাজার ৪৮৭ পিস ভারতীয় শাল রয়েছে।

এসআরবি-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, আটককৃত শাড়ি ও শালের মূল্য প্রায় ১১ কোটি টাকা। অভিযানে কাভার্ডভ্যান থেকে সাজ্জাদ হোসেন (২৮) ও নাজমুল হোসেন (৩২) নামে দুই যুবককে আটক করা হয়েছে। সাজ্জাদের বাড়ি সাতক্ষীরা সদর ও নাজমুলের বাড়ি একই জেলার কলারোয়া উপজেলায়। এসআরবি জানায়, জব্দকৃত মালামাল, কাভার্ড ভ্যান ও দুই যুবককে পদ্মা সেতু উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রক্রিয়া চলছে।