নরসিংদীর শিবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াসমিনের মানবিকতা মুগ্ধ করেছে সবাইকে। বৃদ্ধার প্রতি ভালোবাসার আবেগঘন দৃশ্য হৃদয় ছুঁয়েছে সবার। এক বস্তা চাল, সামান্য খাবার আর একটু আন্তরিকতায় অসহায় বৃদ্ধার কাছে আপনজন হয়ে উঠলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি শুধু প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা নন, একটি উপজেলার সাধারণ মানুষের আস্থা, ভরসা ও নির্ভরতার প্রতীক। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করাও একজন সরকারি কর্মকর্তার অন্যতম বড় দায়িত্ব। সেই মানবিক দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ফারজানা। সম্প্রতি তার কার্যালয়ে এক অসহায় শতবর্ষী বৃদ্ধার প্রতি স্নেহ, মমতা ও আন্তরিকতার যে দৃশ্য দেখা গেছেÑ তা ইতিমধ্যে মানুষের হৃদয়ে গভীরভাবে নাড়া দিয়েছে। জানা যায়, উপজেলার কারারচর এলাকার ওই বৃদ্ধার বয়স তার নিজের ভাষ্যমতে প্রায় ১০০ বছর। শারীরিকভাবে দুর্বল, ক্ষুধা ও অপুষ্টিতে জীর্ণ শরীর।
বয়সের ভারে অনেকটা অসহায় এই বৃদ্ধা মাঝেমধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আসেন। সম্প্রতি তিনি ইউএনও’র কার্যালয়ে গেলে ফারজানা ইয়াসমিন তাকে অন্য সেবাপ্রার্থীদের মতোই একটি চেয়ারে বসতে দেন। শুধু তাই নয়, নিজের ডান পাশের চেয়ারে বসিয়ে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তার খোঁজখবর নেন। এরপর বৃদ্ধার অসহায়ত্ব বিবেচনায় তার জন্য এক বস্তা চালের ব্যবস্থা করেন ইউএনও। পাশাপাশি অফিসের কর্মচারীকে নির্দেশ দেন যেন চালের বস্তাসহ নিরাপদে সিএনজিতে তুলে বাড়িতে পৌঁছে দেয়া হয় তাকে। কিন্তু বিদায়ের মুহূর্তে ঘটে এক আবেগঘন ঘটনা। বৃদ্ধা হঠাৎ করেই ইউএনও ফারজানাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।
আবেগ আপ্লুত কণ্ঠে বলতে থাকেন, তুমি যেদিন শিবপুর থেকে চলে যাবা, সেদিন তোমার গাড়ির চারটি চাকা আমার বুকের ওপর দিয়ে নিয়ে যেও। তুমি চলে গেলে আমার আর বাঁচার ইচ্ছা নাই। একজন অসহায়, নিঃসঙ্গ বৃদ্ধার মুখে এমন আবেগমাখা কথা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়। একজন সরকারি কর্মকর্তা যখন দাপ্তরিক দায়িত্বের গণ্ডি পেরিয়ে মানুষের দুঃখ-কষ্ট উপলব্ধি করেন, অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং তাদের সঙ্গে আপনজনের মতো আচরণ করেন, তখনই প্রশাসনের প্রকৃত মানবিক রূপ প্রকাশ পায়। মানুষের জন্য প্রশাসন, মানুষের পাশে প্রশাসনÑ এই প্রত্যাশাই সাধারণ মানুষের। আর মানবিক হৃদয়ের অধিকারী কর্মকর্তাদের হাত ধরেই সরকারি দপ্তর হয়ে উঠুক সাধারণ মানুষের আস্থা ও নিরাপদ আশ্রয়ের ঠিকানা।
