মৌলভীবাজারের জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে এক নারী কনস্টেবলকে (৩০) ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে জুড়ী উপজেলা সদরের হরিরামপুর এলাকায় গরিবের দোকানের কাছে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই নারী পুলিশ সদস্য ও তার স্বামী দু’জনই জুড়ী থানায় কর্মরত কনস্টেবল। তারা পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে একটি বাসায় ভাড়া থাকেন। মঙ্গলবার রাত ৮টার দিকে থানায় দায়িত্ব পালন শেষে সাদাপোশাকে হেঁটে বাসায় ফিরছিলেন ওই নারী পুলিশ সদস্য। থানার পাশে জুড়ী-বড়লেখা সড়কের গরিবের দোকান পয়েন্ট থেকে পশ্চিমজুড়ী ইউনিয়নের পাশে নিজ বাসার দিকে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে নেমে এক তরুণ তাকে জাপটে ধরার চেষ্টা করে। ওই সময় ওই পুলিশ সদস্য বাধা দেয়ার চেষ্টা করেন। একপযার্য়ে চিৎকার করলে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে দ্রুত রেলস্টেশনের দিকে চলে যায়। জুড়ী থানার ওসি মো. রফিকুল ইসলাম গতকাল সন্ধ্যায় মানবজমিনকে বলেন, ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ তারা পর্যালোচনা করেছেন। একটি ফুটেজে মোটরসাইকেলে থাকা দুই তরুণকে দেখা গেছে। নারী পুলিশ সদস্য হেঁটে যাওয়ার সময় তাদের একজন পিছু নেয়। এর কিছুক্ষণ পর আশপাশের লোকজনকে ঘটনাস্থলের দিকে দৌড়ে যেতে দেখা যায়। প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িত দুই তরুণকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।
জুড়ীতে নারী পুলিশ সদস্যকে ছিনতাইয়ের চেষ্টা
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
১২ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
