কিশোরগঞ্জে বিদ্যুৎ আদালতের গেজেট প্রকাশ, গ্রাহকদের স্বস্তি

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জে বিদ্যুৎ আদালত প্রতিষ্ঠা করে গেজেট প্রকাশ করা হয়েছে। এতদিন জেলার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-এর গ্রাহক ও প্রতিষ্ঠানসমূহকে বিদ্যুৎসংক্রান্ত মামলায় ময়মনসিংহে যেতে হতো। কিশোরগঞ্জে বিদ্যুৎ আদালত প্রতিষ্ঠা হওয়ার পর গ্রাহকদের দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান হবে। বুধবার গেজেট প্রকাশের বিষয়টি জানার পর সংশ্লিষ্টরা স্বস্তি প্রকাশ করেছেন। গেজেটের প্রজ্ঞাপন অনুযায়ী, বিদ্যুৎ আইন, ২০১৮-এর অধীনে সংঘটিত অপরাধের বিচার ও সংশ্লিষ্ট মামলা নিষ্পত্তির জন্য কিশোরগঞ্জে বিদ্যুৎ আদালত প্রতিষ্ঠা করা হয়েছে। আদালতটির স্থানীয় এখতিয়ার নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কিশোরগঞ্জ জেলা এলাকা। প্রজ্ঞাপনে আদালতটি অবিলম্বে কার্যকর হওয়ার কথা উল্লেখ রয়েছে। গত ২রা নভেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এ সংক্রান্ত প্রজ্ঞাপন বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম ও কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দিন কিশোরগঞ্জে বিদ্যুৎ আদালত প্রতিষ্ঠার ব্যাপারে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি’র দৃষ্টি আকর্ষণ করেন। এ প্রেক্ষিতে গত ১২ই অক্টোবর প্রধানমন্ত্রী বরাবর একটি আবেদনে কিশোরগঞ্জে স্থায়ী বিদ্যুৎ আদালত প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি। আবেদনে তিনি উল্লেখ করেন, কিশোরগঞ্জের ৭টি উপজেলায় প্রায় ৩৪ লাখ মানুষের বসবাস। বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা ও বিদ্যুৎসংশ্লিষ্ট কার্যক্রম বাড়লেও জেলায় স্থায়ী বিদ্যুৎ আদালত না থাকায় সাধারণ গ্রাহকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। কিশোরগঞ্জের বিদ্যুৎসংক্রান্ত মামলাগুলো ময়মনসিংহ বিদ্যুৎ আদালতের আওতায় পরিচালিত হওয়ায় বিচারপ্রার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেখানে যেতে হয়।

এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি মামলার বিচারিক কার্যক্রম দীর্ঘায়িত হয়। প্রতিমন্ত্রী তার আবেদনে ময়মনসিংহ বিদ্যুৎ আদালতের অধীনে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোণা, জামালপুর ও শেরপুরসহ পাঁচটি জেলার মামলা পরিচালনার চাপের বিষয়টিও তুলে ধরেন। কিশোরগঞ্জে পৃথক আদালত প্রতিষ্ঠা করা হলে মামলার জট কমবে, বিচারপ্রার্থীদের ভোগান্তি লাঘব হবে এবং বিদ্যুৎসংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির সুযোগ তৈরি হবে বলে আবেদনে উল্লেখ করেন তিনি।