রাজবাড়ীর পাংশায় দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার বাবা-মা, বোনকে মারধরের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, আওয়ামী লীগের একটি মিছিলে ওই সাংবাদিকের ভাই অংশগ্রহণ করে। এ ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। ওই সাংবাদিকের বাবা গোলাম মোস্তফা লুলু বিশ্বাস স্থানীয় কৃষক লীগের সভাপতি। অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি নেতা আবদার জেলের নেতৃত্বে তার ছেলে তুর্কি, হৃদয়সহ ২০ থেকে ৩০ জনের একটি দল ওই বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা পরিবারের সদস্যদের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করার ভয় দেখায়।
এমনকি বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার হুমকিও দেয়। পরে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে পরিবারের সদস্যদের মারধর করে এবং বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। এ ঘটনায় মারধরের শিকার হয়েছেন সাংবাদিক রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু বিশ্বাস, মা ডলি আক্তার, বোন ঐশী আক্তার ও ভাবী শাহানা খাতুন। সাংবাদিক অমিত হাসান রবিন বলেন, স্থানীয় বিএনপি’র নামধারী সন্ত্রাসী বাহিনী তাদের বাড়ির টেলিভিশন, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেছে। তার বাবা-মা, বোন ও ভাবীকে মারধর করা হয়েছে।
এ ছাড়া বাড়ির বাইরে ফাঁকা গুলিও ছোড়া হয়েছে। পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, সাংবাদিক রবিনের বাবা পাট্টা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। তার ভাই রনি আগের রাতে পুইজোর বাজারে আওয়ামী লীগের একটি মিছিলে অংশ নিয়েছিলেন। এরপরই তাদের বাড়িতে হামলার ঘটনা ঘটে। ওসি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
