সিলেট নগরীতে বসবাসরত ভূমিহীন, গৃহহীন ও সহায়-সম্বলহীন শ্রমজীবী পরিবারগুলোর স্থায়ী আবাসন এবং সরকারি খাস জমিতে পুনর্বাসনের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন মিরেরচক শ্রমজীবী সংঘের আহবায়ক আলী আহমদ, সদস্য দুলাল মিয়া, মালেক মিয়া, লুৎফা বেগম, হাজেরা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশে ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সহ-সভাপতি রুহুল আমিন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের অন্যতম নেতা আবুল কালাম আজাদ খান।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় সিলেট নগরী ও আশপাশের বিভিন্ন এলাকায় বসবাসরত অসংখ্য ভূমিহীন ও নিম্নআয়ের পরিবার নদীভাঙন, জমিজমা হারানো, ঋণের বোঝা এবং জীবিকার তাগিদে গ্রাম ছেড়ে নগরীতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এসব পরিবারের অধিকাংশই দিনমজুর, মুটেমজুর, রিকশাচালক, ভ্যানচালক, নির্মাণশ্রমিক, হোটেল-রেস্তরাঁ শ্রমিক ও অন্যান্য দৈনিক মজুরিভিত্তিক পেশায় নিয়োজিত।
সামান্য উপার্জনে পরিবার-পরিজন নিয়ে বস্তি ও ঘনবসতিপূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে ভাড়াটিয়া হিসেবে তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিম্নআয়ের মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। চাল, ডাল, তেল, মাছ, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান মূল্য, বাড়িভাড়া, বিদ্যুৎ ও গ্যাসের বিল, চিকিৎসা এবং সন্তানদের শিক্ষার ব্যয় মেটাতে গিয়ে এসব পরিবার দিশেহারা। অধিকাংশ পরিবারের নির্দিষ্ট মাসিক আয় না থাকায় কাজ না থাকলে অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে। সারা দিন পরিশ্রম করেও রাতে নিরাপদে মাথা গোঁজার মতো স্থায়ী আশ্রয় নিশ্চিত করতে পারছে না।
