ফেনীতে মধ্যরাতে দুই সরকারি অফিসে পেট্রল বোমা নিক্ষেপ, ঝটিকা মিছিল

ফেনীতে মধ্যরাতে দুই সরকারি অফিসে পেট্রল বোমা নিক্ষেপ, ঝটিকা মিছিল

ফন্ট সাইজ:

ফেনীতে সদরে মধ্যরাতে পরিবার পরিকল্পনা কার্যালয় ও সাব রেজিস্ট্রি অফিসে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ভোর পৌনে ৪টার মধ্যে এসব ঘটনা ঘটে।

তবে পুলিশ বলছে, পেট্রোল বোমা নয়, কাচের বোতল ছোড়া হয়েছে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পেট্রল বোমা নিক্ষেপের ভিডিও ছড়িয়ে পড়ে।

পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত সাড়ে ৩টার দিকে মোটরসাইকেল করে দু’জন সালাউদ্দিন মোড় থেকে এসে

কার্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে গ্যারেজ লক্ষ্য করে দু’টি পেট্রল বোমা এবং একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে মোটরসাইকেল করে তারা দেওয়ানগঞ্জের দিকে পালিয়ে যান।

পরিবার পরিকল্পনা ফেনী কার্যালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘কার্যালয়ের সামনের সিসিটিভি ফুটেজে হামলার দৃশ্যটি দেখা গেলেও জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা যায়নি। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনার পর থেকে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কে রয়েছেন।’
একই রাতে জেলা রেজিস্ট্রি অফিস ভবনের নিচতলায় অগ্নিসংযোগের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ফেনী সদর উপজেলা সাব রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) আবদুর রহমান মুহাম্মদ তামিম বিষয়টি অসত্য বলে দাবি করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘পরিবার পরিকল্পনা কার্যালয় লক্ষ্য করে কেউ একটি কাচের বোতল ছোড়ে। নৈশপ্রহরীর ফোন পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে কাচের টুকরাগুলো সংগ্রহ করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজেও বিস্ফোরণের কোনো আলামত মেলেনি। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

এদিকে একইরাতে ফেনীর লালপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল শোডাউন করে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এ সময় তাদের কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পক্ষে স্লোগান দিতে দেখা যায়। মঙ্গলবার রাত ১১টার পর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। একই সময়ে পৌর শহরের সালাউদ্দিন মোড়সহ কয়েকটি স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।