আক্বিদাগত মিল থাকা ইসলামী রাজনৈতিক দলের নেতাদের একসঙ্গে এক মার্কা নিয়ে নির্বাচন করার নয়া ফর্মুলা দিয়েছেন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী। বলেছেন- ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি যদি সমমনা রাজনৈতিক দল ও আওয়ামী লীগ যদি তার সমমনা রাজনৈতিক দল নিয়ে জোট করতে পারে তাহলে সহিহ্ আক্বিদার রাজনৈতিক দলগুলো কেন একসঙ্গে নির্বাচনে লড়াই করতে জোট বাঁধতে পারবে না। সিলেটের উলামা সম্মেলনে ওলিপুরী ইসলামী রাজনৈতিক দলের নেতাদের এ পথ বাতলে দিলেন। আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী সিলেটের কওমি অঙ্গনের এক গ্রহণযোগ্য আলেম।
তিনি ওয়াজিইন হিসেবে পরিচিত। যুক্তি-তর্কের ওয়াজে তার গ্রহণযোগ্যতা বেশি। বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ইস্যুতে দেশজুড়ে ওলিপুরী ব্যাপকভাবে আলোচনায়। সম্প্রতি সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে খাদিমুল কোরআর পরিষদ সিলেটের তিনদিনের মাহফিলে মাওলানা মামুনুল হককে দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক তোলপাড় হয়। মামুনুল হকের বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন নুরুল ইসলাম ওলিপুরী। এরপর থেকে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। গত ৯ই নভেম্বর সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে উলামা সম্মেলনে তিনি প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। আল ক্বাসিম পরিষদ আয়োজিত এ সম্মেলনে সিলেটের বিভিন্ন অঙ্গনের উলামারা বক্তব্য রাখেন। তবে সম্মেলনে আল্লামা নুরুল ইসলাম ওলিপুরীর বক্তব্য নিয়ে নতুন করে কথাবার্তা শুরু হয়েছে। ওই সম্মেলনে ভাষণ দেয়ার সময় ওলিপুরী আক্বিদাগত মিল থাকা রাজনৈতিক দলের নেতাদের প্রতি বেশকিছু পরামর্শ ও প্রস্তাবনা তুলে ধরেছেন। তার এই পরামর্শের চুম্বক অংশ ভাইরাল হয়েছে সামাজিক যাগাযোগমাধ্যমে।
ওলিপুরী বলেছেন- ‘সমস্ত হক্কানী উলামাদের রাজনৈতিক দলকে একটা জোটে আনতে হলে ওদের হাতে ছেড়ে দিলে হবে না। এখন পর্যন্ত বাংলাদেশে যে সমস্ত উলামায়ে কেরাম কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন, অথচ বিচক্ষণ, নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত এমন উলামায়ে কেরামদের নিয়ে একটা সর্বোচ্চ উলামা কাউন্সিল গঠন করতে হবে। সেই উলামা কাউন্সিলের নির্দেশ মোতাবেক আপনারা ঐক্যবদ্ধ হবেন, সেই কাউন্সিলের নির্দেশ মতো নির্বাচন করবেন। কাউন্সিলের নির্দেশ যারা ভঙ্গ করবেন এদেরকে বাতিল আক্বিদাপন্থিদের যেভাবে লাথি মেরে ফেলে দেয়া হয়েছে, এদেরকে লাথি মেরে ফেলে দেয়া হবে। এ পাওয়ার সর্বোচ্চ উলামা কাউন্সিলের হাতে দিতে হবে। তবেই বাংলাদেশের সুস্থ রাজনৈতিক পথে হক্কানী উলামায়ে কেরাম অগ্রসর হওয়ার একটা ব্যবস্থা হবে।’ ওলিপুরী বলেন- ‘আমার কথায় যদি ভুল থাকে তাহলে মাফ করে দেবেন। আর যদি কোনো ভুল না থাকে তাহলে হক্কানী আলেম-উলামাদের পায়ে ধরে অনুরোধ করি; আমার প্রস্তাবগুলো বিবেচনায় আনুন।’
ওলিপুরী জানান- ‘যে সমস্ত রাজনৈতিক দলগুলোর আক্বিদা সহিহ্ তাদের কোনো বাতিলের সঙ্গে জোটে না গিয়ে আক্বিদা রাজনৈতিক মিল ইসলামী রাজনৈতিক দলকে একটি প্ল্যাটফর্মে আসতে হবে। এই প্রস্তাব না মানা পর্যন্ত বাংলাদেশের হক্কানী আলেমদের কোনো রাজনৈতিক দলের কেয়ামত পর্যন্ত ইসলামী শাসন কায়েম হতে পারে না।’ ওলিপুরী বলেন- ‘হক্কানী উলামাদের যত রাজনৈতিক দল আছে উচিত ছিল একটা রাজনৈতিক দল হওয়া। কিন্তু পূর্ববর্তীদের মাধ্যমে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছেন। এটা আর জোড়া দেয়া সম্ভব নয়। কাজেই আপন আপন দলগুলোর স্বকীয়তা বজায় রেখে অন্তত হক্কানী উলামাদের রাজনৈতিক দলগুলোকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে, তখন জনগণকে আমরা বলতে পারবো সুন্নতে রাসূল আর জমাতে সাহাবাকে যারা মাপকাঠি মানে না আসলেই তারা ইসলামী দল নয়। আর আমরা ৭ দলের এক মার্কায় নির্বাচন হবে, আর এই মার্কা হবে ইসলামী মার্কা। তখন আর জনগণ আমাদেরকে হয়রানি করতে পারবে না এই প্রশ্ন করে- আপনারা কোনো ইসলামের মোর্চা। আমরা বলবো- একমাত্র ইসলামের মোর্চা।’
