স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি ইমরান হোসেন অবশেষে ধরা পড়েছেন। গত ২৬শে অক্টোবর দুপুরে ওই ছাত্রী তার স্কুলের বাথরুমে গেলে তাকে ধর্ষণ করা হয়। ওই ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান জানান, চতুর্থ শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি শিক্ষক ইমরান হোসেন (৩৮)কে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন সকালে রাজধানী ঢাকার মিরপুর-১-এর বউবাজার বটতলা এলাকা থেকে মিরপুর থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। ইমরান হোসেন অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের রানাভাটা এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার শিক্ষার্থী বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। গত ২৬শে অক্টোবর দুপুরে ওই ছাত্রী তার স্কুলের বাথরুমে গেলে সহকারী শিক্ষক ইমরান হোসেন তাকে ধর্ষণ করেন। চিকিৎসার জন্য ভুক্তভোগী ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। পরবর্তীতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে অভয়নগর থানায় সহকারী শিক্ষক ইমরান হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর শিক্ষক ইমরান হোসেন আত্মগোপনে চলে যান। এ ব্যাপারে অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, তথ্যপ্রযুক্তি ও বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৬টার দিকে ঢাকা মিরপুর-১-এর বউবাজার বটতলা এলাকা থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, মামলা দায়েরের পর আসামি ইমরান হোসেনকে পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগে বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিন ও দপ্তরি মোস্তাফিজুর রহমানকে গত ২৮শে অক্টোবর গ্রেপ্তার করা হয়।
