চমেকে ৬২১ টাকার ডায়ালাইসিস সেবা অব্যাহত রাখার দাবি

ফন্ট সাইজ:

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্যান্ডরের ডায়ালাইসিস সেবা অব্যাহত রাখার দাবিতে মানববন্ধন করেছেন রোগী ও তাদের স্বজনেরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, বর্তমানে চমেক হাসপাতালের স্যান্ডর ডায়ালাইসিস কেন্দ্রে ২৭৬ জন রোগী নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। সরকারি ভর্তুকির কারণে প্রতিবার ডায়ালাইসিস করতে তাদের খরচ হচ্ছে মাত্র ৬২১ টাকা। অথচ বেসরকারি হাসপাতালে একই সেবা নিতে ব্যয় করতে হয় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা। বক্তারা বলেন, একজন কিডনি রোগীর সপ্তাহে দুই থেকে তিনবার ডায়ালাইসিস প্রয়োজন হয়। ফলে বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা চালিয়ে যাওয়া অধিকাংশ রোগীর পক্ষেই সম্ভব নয়। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল রোগীদের জন্য স্যান্ডরের এই কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মানববন্ধনে অংশ নেয়া হাফছা খাতুন নামে এক রোগীর স্বজন বলেন, এই কেন্দ্রে যারা ডায়ালাইসিস করেন, তাদের অধিকাংশই আর্থিকভাবে অসচ্ছল। কেন্দ্রটি বন্ধ হয়ে গেলে তারা কোথায় যাবেন? অনেকের পক্ষেই বাইরে গিয়ে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই সরকারের কাছে দাবি, দ্রুত স্যান্ডরের সঙ্গে চুক্তি নবায়ন করে সেবাটি চালু রাখা হোক।

সালাউদ্দিন নামে আরেক রোগীর স্বজন বলেন, দীর্ঘদিন ধরে এই কেন্দ্র থেকে রোগীরা স্বল্প খরচে চিকিৎসা পাচ্ছেন। এখানকার কর্মকর্তা, টেকনিশিয়ানসহ সব কর্মীর সেবার মানও ভালো। সরকার যদি কেন্দ্রটি অন্য কোথাও স্থানান্তরের পরিকল্পনা করে, তাহলে আগে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নতুন ব্যবস্থায় বর্তমান খরচ ও চিকিৎসার মান বজায় রাখতে হবে। বিকল্প ব্যবস্থা চালু না করে কোনোভাবেই বর্তমান সেবা বন্ধ করা উচিত নয়।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, চট্টগ্রাম ও ঢাকায় স্যান্ডরের মাধ্যমে প্রায় ৫০০ রোগী স্বল্প খরচে ডায়ালাইসিসের সুযোগ পাচ্ছেন। চমেক হাসপাতালের নিজস্ব জনবল সংকটের কারণে পুরো সেবার দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হলে চিকিৎসার মান ও ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে বর্তমান কেন্দ্রেই স্যান্ডরের মাধ্যমে ডায়ালাইসিস সেবা চালু রাখার দাবি জানান তারা।

এদিকে, সরকারি ব্যবস্থাপনায় ডায়ালাইসিস সেবা চালুর প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় ঢাকা ও চট্টগ্রামের দু’টি কেন্দ্রে ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডরের সঙ্গে চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। কিডনি রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। মঙ্গলবার স্যান্ডরের সঙ্গে ডায়ালাইসিস সেবার চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি জানান। উল্লেখ্য, আগামী ১৯শে নভেম্বর সরকারের সঙ্গে স্যান্ডরের ১০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আরও ছয় মাস প্রতিষ্ঠানটির মাধ্যমে ডায়ালাইসিস সেবা চালু থাকবে।