ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর চাপাতি দিয়ে হামলা

ফন্ট সাইজ:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশক্তির সভাপতি হাসিব আল ইসলামকে চাপাতি হাতে ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে। শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় তার ওপর এ হামলা চালানো হয়। হামলাকারী হাসিব আল ইসলামকে জুলাই জঙ্গি বলে চাপাতি দিয়ে তাকে কোপাতে শুরু করে। ধারণা করা হচ্ছে, হাসিব আল ইসলামের ওপর গুপ্ত হামলা চালিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিলা রিসোর্টের সম্মুখে তার ওপর এ হামলা হয়। হামলাকারীরা হাসিব আল ইসলামকে জুলাই জঙ্গি বলে হামলা চালায়। পরে ঘটনাস্থল থেকে হাসিব দৌড়ে নিরাপদ স্থানে চলে যান।

মৌলভীবাজার জেলা ছাত্রশক্তির আহ্বায়ক রাজ মোস্তাকিম বিষয়টি নিশ্চিত করে জানান হাসিব পরিবারের সদস্যদের নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে আসেন। সেখানে তার ওপর হামলা হয়। এমন খবর পেয়ে তারা শ্রীমঙ্গল থানায় যান ও আইনি সহায়তার জন্য পুলিশের সঙ্গে কথা বলেন। এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, দুপুরের দিকে শ্রীমঙ্গলস্থ বালিশিরা রিসোর্টের সামনে ঘটনাটি ঘটে।

এনসিপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাসের বাড়ি শ্রীমঙ্গলে। তিনি মুঠোফোনে বলেন, ছাত্রলীগ নেতা হাবিব-এর নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী হাসিব উল ইসলামের ওপর এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পর হাসিব ট্রেনে করে কুমিল্লায় যাচ্ছেন। সেখান থেকে তিনি শ্রীমঙ্গলে আবার আসবেন। তিনি এলে শ্রীমঙ্গল থানায় মামলা করাসহ পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে। ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী বলেন, এ ধরনের একটি ঘটনার কথা শুনেছেন। তবে এ বিষয়ে তাদের কাছে কেউ অভিযোগ করেননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। দুষ্কৃতকারীদের ধরতে অভিযান চলছে। এরপর থেকে পুলিশ হাসিব আল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। পরে তারা জানতে পারেন তিনি ঢাকায় চলে যান। তবে ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ খুঁজছে।