চাঁদপুরে গত তৃতীয় দিনে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ ও সহযোগী সংগঠনের ১৬ জন নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে ১৯ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। এ ছাড়া মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করে ১৫০ গ্রাম গাঁজা ও ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার চাঁদপুর জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এসব গ্রেপ্তার ও আটকের ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে জিআর মামলার আসামি ও সাজাপ্রাপ্ত ৬ জন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৬ জন নেতাকর্মী, চাঁদাবাজির অভিযোগে ১ জন এবং মাদকসংশ্লিষ্ট ৫ জন রয়েছেন। এ ছাড়া অন্যান্য অপরাধে জড়িতদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হয়। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানা এলাকা থেকে ৬ জন, ফরিদগঞ্জ থেকে ৪ জন, মতলব দক্ষিণ থেকে ২জন, হাজীগঞ্জ থেকে ২জন এবং শাহরাস্তি থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে চাঁদপুর সদর মডেল থানা থেকে ৪ জন, হাইমচর থেকে ১ জন, ফরিদগঞ্জ থেকে ৫ জন, মতলব উত্তর থেকে ৬ জন এবং হাজীগঞ্জ থেকে ৩ জনসহ মোট ১৯ জনকে আটক করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়ার নূর জানান, আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
