যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, সাবেক পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড

যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, সাবেক পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড

ফন্ট সাইজ:

যৌতুকের ২০ লাখ টাকা না পেয়ে স্ত্রীকে রড ও ইট দিয়ে পিটিয়ে নাকের হাড় ভেঙে দেয়ার মামলায় পুলিশের সাবেক তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মঙ্গলবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. জাকারিয়া হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
মামলার বিবরণ ও অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৫শে মে তিন লাখ এক টাকা দেনমোহরে তানিয়া আরেফিনের সঙ্গে রফিকুল ইসলামের বিয়ে হয়।

তানিয়া সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের মৃত আব্দুল মজিদের মেয়ে। আর রফিকুল ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী প্রতাপপুর গ্রামের মৃত আফছার আলীর ছেলে। অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তানিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন রফিকুল। এরই ধারাবাহিকতায় ২০২০ সালের ২৫শে ডিসেম্বর ভোররাতে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি। টাকা দিতে না পারায় স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে রড ও ইট দিয়ে আঘাত করলে তানিয়ার নাকের হাড় ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় তানিয়া আরেফিন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক পর্যালোচনা করে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করেন।

আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(খ) ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং ১১(গ) ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে দুই ধারায় পৃথকভাবে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তবে দুই ধারার সাজা একইসঙ্গে কার্যকর হবে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট শেখ আলমগীর আশরাফ। তিনি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।