এমপি’র স্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য দিরাইয়ে যুবদল নেতা আটক

এমপি’র স্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য দিরাইয়ে যুবদল নেতা আটক

ফন্ট সাইজ:

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির চৌধুরীর স্ত্রী পারভীন আক্তারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের রজনীগঞ্জ গ্রামের নিজ বাসস্থান থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম ফয়সল সর্দার (৪০)। তিনি করিমপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মৃত মতি মিয়া সর্দারের ছেলে। স্থানীয় রাজনৈতিক মহলে ফয়সল সর্দার বিএনপি নেতা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলের অনুসারী এবং দলীয় বলয়ের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সংসদ সদস্যের সহধর্মিণী পারভীন আক্তারকে লক্ষ্য করে ফেসবুকে ফয়সল সর্দারের ব্যক্তিগত আইডি থেকে মানহানিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়।

এ ঘটনায় পারভীন আক্তার বাদী হয়ে দিরাই থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ এনে একটি লিখিত এজাহার দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে দিরাই থানা পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত ফয়সল সর্দারকে আটক করে। আটকের বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, এমপি’র সহধর্মিণীর দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে ফয়সল সর্দারকে আটক করা হয়েছে।

এটি একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। অভিযুক্ত ব্যক্তির নিজস্ব ফেসবুক আইডি থেকেই এই কুরুচিপূর্ণ মন্তব্যটি করা হয়েছে কিনা, তা নিশ্চিত হতে আমরা ডিজিটাল ফরেনসিক যাচাই-বাছাই ও তদন্ত প্রক্রিয়া অব্যাহত রেখেছি। এই ঘটনার পর দিরাই ও শাল্লা উপজেলার স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।