সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় অভিযুক্তরা বিএনপি’র সাবেক ভাইস চেয়ারম্যান এবিএম আখতারুজ্জামান শাহজাহানের নামে অপপ্রচার ও মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মিথ্যা অভিযোগ তুলে এসব করা হচ্ছে বলে তিনি দাবি করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এবিএম আখতারুজ্জামান শাহজাহান বলেন, চলতি নভেম্বর মাসের শুরুর দিকে নাশকতা প্রতিরোধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে পঞ্চগড় সদর থানা পুলিশ। ওই মামলায় সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিএনপিকর্মী জাহাঙ্গীর আলম ও ওয়ার্ড জামায়াতের কর্মী আমিনার রহমানের নাম অন্তর্ভুক্ত করা হয়।
দীর্ঘদিন ধরে চলা জমি নিয়ে বিরোধের জেরে মামলার আসামিরা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করেছেন। মূলত মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই পরিকল্পিতভাবে এমন অপপ্রচার চালানো হচ্ছে। এ সময় তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংশ্লিষ্ট ব্যক্তিরা দলটির কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। অথচ এখন রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার করছে। অবিলম্বে এসব অপপ্রচার বন্ধ না হলে পরিবারের সদস্যদের নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। এদিকে, জাহাঙ্গীর আলম ও আমিনার রহমান দাবি করেন, জমিজমা নিয়ে বিরোধে মামলায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
