বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের মৃত্যু

ফন্ট সাইজ:

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কাজ করার সময় চ্যাং সিয়াও জুন (৪৩) নামের এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে খনির ১৪০৫ নম্বর ফেজে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খনি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি। তবে খনির কয়েকজন শ্রমিকের ধারণা, ভূগর্ভে অক্সিজেনের ঘাটতির কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। বড়পুকুরিয়া কয়লাখনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চ্যাং সিয়াও জুন খনির ভূগর্ভে ভেন্টিলেশন বিভাগের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার ভোরে তিনি দলের অন্য সদস্যদের সঙ্গে ১৪০৫ নম্বর ফেজে কাজ করছিলেন। শিফটের দায়িত্ব শেষ হলে দলের অন্য সদস্যরা ভূগর্ভ থেকে উপরে ফিরে আসেন।

কিন্তু চ্যাং সিয়াও জুন ফিরে না আসায় সহকর্মীরা বিষয়টি কন্ট্রোল রুমে জানান। পরে খনির উদ্ধারকারী দল ভূগর্ভের একটি সড়ক থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপরে নিয়ে আসে। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, ওই চীনা নাগরিকের মরদেহের ময়নাতদন্ত শেষে চীনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় থানায় একটি (ইউডি) মামলা হয়েছে। মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক আরও জানান, মরদেহ পাওয়ার পর চীনা কনসোর্টিয়াম তাদের নিজস্ব নিয়ম ও পদ্ধতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে।