পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয়

ফন্ট সাইজ:

সাভারে থানা রোডে অবস্থিত ঐতিহ্যবাহী অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে ককটেলসদৃশ বস্তুসহ শপিং ব্যাগ উদ্ধারের পর সেগুলো সফলভাবে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। মঙ্গলবার বিকালে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা সাভার থানা পুলিশের উপস্থিতিতে সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে শক্তিশালী তিনটি বোমা নিষ্ক্রিয় করেন। এ সময় বিকট শব্দ হলে পুরো এলাকা কেঁপে ওঠে।
জানা যায়, সোমবার দিবাগত রাতে বিদ্যালয়ের প্রধান ফটকে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখেন পথচারী ও নিরাপত্তারক্ষীরা। বিষয়টিকে সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি ঘিরে ফেলে এবং সুরক্ষার স্বার্থে পুরো এলাকা কর্ডন করে রাখে। শিক্ষাপ্রতিষ্ঠানের মূল ফটকে বোমা ভর্তি ব্যাগ ঘিরে সারারাত ও সকাল জুড়ে শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করে।

যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পুলিশ এলাকাটিতে কড়া নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে। পরবর্তীতে মঙ্গলবার বিকালের দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তারা বিশেষ সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে ব্যাগের ভেতরে থাকা তিনটি শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করে। এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে বিদ্যালয়ের মাঠে বিস্ফোরণ ঘটিয়ে তিনটি ককটেল নিষ্ক্রিয় করেন তারা।
কারা এবং কী উদ্দেশ্যে ককটেল ও বোমা ভর্তি ব্যাগটি বিদ্যালয়ের প্রধান ফটকে ফেলে রেখে গেছে, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে আশপাশের সিসিটিভি (ঈঈঞঠ) ফুটেজ সংগ্রহসহ তদন্ত শুরু করা হচ্ছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটের পরিদর্শক কাজী তোবারক হোসেন বলেন, ককটেলগুলোতে বিস্ফোরক দ্রব্য থাকলেও কোনো স্প্লিন্টার ছিল না। তবে জনসমাগমস্থলে এগুলো বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটতে পারতো। উদ্ধার করা আলামত থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।