আওয়ামী লীগ দেশে আবারো আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশে যে আগুন সন্ত্রাস শুরু করেছে, অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে, দেশের মানুষ যখন প্রতিরোধের আগুনে জ্বলে উঠবে, তখন কিন্তু আর কোনো বাহিনী দিয়েই সামাল দেয়া যাবে না। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর জেনারেল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাজকল্যাণমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অসংখ্য নেতাকর্মীকে গুম, খুন ও পঙ্গু করা হয়েছে। এসব ঘটনার বিচার দেশের প্রচলিত আইন অনুযায়ী করা হবে।
অপরাধ করে কেউ পার পাবে না। বিগত সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থেকে দেশের উন্নয়নের পরিবর্তে নিজেদের উন্নয়নেই ব্যস্ত ছিল। দেশের মানুষের কল্যাণে কাজ না করে নিজেদের স্বার্থ রক্ষায় কাজ করেছে। নিজেদের মানুষের প্রতি বিশ্বাস এবং নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল না বলেই শেষ পর্যন্ত তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সরকারের ৩১ দফা বাস্তবায়নে কাজ চলছে।
জনগণের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে আগামী ডিসেম্বর মাসের মধ্যে দেশের ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এবং দাউদপুর জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. অহিদুর রহমান তৌহিদ। এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
