গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)’র নতুন কমিশনার গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। এ সময় তিনি মহানগরকে মাদক ও সন্ত্রাস, কিসের অপরাধমুক্ত এবং নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন। মঙ্গলবার দুপুরে জিএমপি’র সদর দপ্তরের সম্মেলন কক্ষে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জিএমপি কমিশনার বলেন, শ্রমিক অসন্তোষে যারা ইন্ধন দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। থানাগুলোকে করা হবে জনবান্ধব। তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পারস্পরিক আস্থা, সহযোগিতা ও তথ্যের আদান-প্রদানের মাধ্যমে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
সভায় সাংবাদিকদের পক্ষ থেকে মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও কিশোর অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি, যানজট, শিল্পাঞ্চলের নিরাপত্তা এবং থানায় সাধারণ মানুষের হয়রানি বন্ধের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। একই সঙ্গে কোনো ঘটনা সম্পর্কে সাংবাদিকরা তথ্য জানতে চাইলে তা দ্রুত সরবরাহের ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সভায় সাংবাদিকদের মধ্যে ইত্তেফাকের গাজীপুর প্রতিনিধি মুজিবুর রহমান, চ্যানেল আইয়ের প্রতিনিধি ফজলুল হক মোড়ল, দিনকালের স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন, মানবজমিন’র স্টাফ রিপোর্টার ইকবাল আহমদ সরকার, সমকালের প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি আবুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. বেলায়েত হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহিদ হোসেন, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মহিউল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম আশরাফুল আলমসহ জিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মো. আশিক সাঈদ গত ৮ই নভেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৯৭৫ সালে মেহেরপুরে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ২০তম বিসিএসের মাধ্যমে ২০০১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।
‘শ্রমিক অসন্তোষে যারা ইন্ধন দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
১১ নভেম্বর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
