ট্রাম্পের রক্তচক্ষু উপেক্ষা ইরানের, অস্তিত্ব রক্ষার লড়াই হিজবুল্লাহর

ট্রাম্পের রক্তচক্ষু উপেক্ষা ইরানের, অস্তিত্ব রক্ষার লড়াই হিজবুল্লাহর

ফন্ট সাইজ:

অস্তিত্বের লড়াইয়ের ঘোষণা দিয়েছে লেবাননের যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহ। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে সমানতালে এগিয়ে যাচ্ছে ইরান। তারা সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বন্দর এলাকাগুলো থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইরানের অভিযোগ, ওইসব এলাকায় সাধারণ জনগণের সঙ্গে অবস্থান নিয়েছে মার্কিনিরা। তাদেরকে লক্ষ্য করে হামলা করবে ইরান। এর বাইরে চীনা মুদ্রায় তেল লেনদেন হলে হরমুজ প্রণালী দিয়ে ট্যাংকার চলাচল অনুমতি দিতে পারে ইরান- এমনটাও শোনা যাচ্ছে। সিএনএন (সিএনএন) এক অজ্ঞাতনামা ইরানি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তেলের লেনদেন যদি চীনের মুদ্রা ইউয়ানে করা হয়, তাহলে ইরান সীমিত সংখ্যক তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিতে পারে। সিএনএনের এই খবর আল জাজিরা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। প্রতিবেদন অনুযায়ী, ইসরাইল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের পর কৌশলগত এই সমুদ্রপথ দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের জন্য তেহরান যে বৃহত্তর পরিকল্পনা করছে, এটি তারই একটি অংশ।

বিশ্বের অধিকাংশ তেল লেনদেন সাধারণত মার্কিন ডলারে হয়। তবে নিষেধাজ্ঞার মুখে থাকা রাশিয়ার তেল সাম্প্রতিক সময়ে ক্রমশ রুবল বা ইউয়ানে লেনদেন করা হচ্ছে। ওদিকে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরের রাহেবাত এলাকায় ইসরাইলের বিমান হামলায় পাঁচজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার। ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, মধ্যাঞ্চলীয় মার্কাজি প্রদেশের একটি গ্রামে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী খার্গ দ্বীপে সামরিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে। দ্বীপটি হরমুজ প্রণালীর কাছে অবস্থিত। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম তথাকথিত ‘ইরানি সন্ত্রাসী নেতাদের’ বিষয়ে তথ্য দেয়ার আহ্বান জানিয়েছে। এর মধ্যে মোজতবা খামেনির নামও রয়েছে। তথ্য দিলে ১ কোটি ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে। মার্কিন সেনাবাহিনীর ড্যান ড্রিসকল বলেন, ইরানি ড্রোন হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্র ১০ হাজার ইন্টারসেপ্টর ড্রোন মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন, আগামী কয়েক দিনে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র তীব্র হামলা চালাবে। হিজবুল্লাহর নেতা নাইম কাসেম বলেন, যুদ্ধ অব্যাহত থাকায় তাদের সংগঠন ইসরাইলের বিরুদ্ধে ‘দীর্ঘমেয়াদি মোকাবিলার জন্য প্রস্তুত’। হামাসের কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবাইদা ইরানে আল-কুদস দিবস উপলক্ষে ফিলিস্তিনের সমর্থনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশগুলোর প্রশংসা করেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানিসহ অনেক শীর্ষ ইরানি কর্মকর্তা তেহরানে বার্ষিক আল-কুদস দিবসের মিছিলে অংশ নিয়েছেন। ওদিকে তেহরান থেকে আল জাজিরাকে সাংবাদিক মোহাম্মদ ভাল বলছেন, খার্গ দ্বীপ হরমুজ প্রণালীর খুব কাছেই অবস্থিত। সম্ভবত যুক্তরাষ্ট্র এটিকে লক্ষ্যবস্তু করছে কারণ তারা মনে করছে এখান থেকেই ইরান এমন জাহাজগুলোর ওপর হামলা চালাচ্ছে যেগুলোকে তারা প্রণালী পার হতে দিতে চায় না। খার্গ দ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইরানের বেশিরভাগ তেল এখান থেকেই রপ্তানি করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হামলার সময় সেখানে থাকা তেল স্থাপনাগুলো অক্ষত রাখা হয়েছে। তাই তাদের প্রথম লক্ষ্য সম্ভবত খার্গ দ্বীপে ইরানের সামরিক উপস্থিতি দুর্বল করা। সামরিক বিশ্লেষকদের মতে, শুরু থেকেই খার্গ দ্বীপই প্রথম লক্ষ্য হওয়া উচিত ছিল।

আঞ্চলিক যুদ্ধের মধ্যে ইরাক ভ্রমণ এড়িয়ে চলতে নাগরিকদের পরামর্শ দিয়েছে তুরস্ক। বাগদাদে তুরস্কের দূতাবাস এক বিবৃতিতে বলেছে- ‘এই সময়ে খুব প্রয়োজন না হলে আমাদের নাগরিকদের ইরাক ভ্রমণ থেকে বিরত থাকা উচিত। দূতাবাস আরও সতর্ক করেছে যেন মানুষ- জনাকীর্ণ এলাকা, বাগদাদের গ্রিন জোন, বাগদাদ ও ইরবিল বিমানবন্দর, সামরিক ঘাঁটি ও তেল স্থাপনার কাছাকাছি এলাকা এড়িয়ে চলে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন