হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে সাতদিনের সময় বেঁধে দিয়েছেন খুলনার চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে স্মারকলিপি দেয়ার পর পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। তাদের স্পষ্ট বক্তব্য, নিরাপত্তা নিশ্চিত না হলে চিকিৎসাসেবা দেয়া হবে না। এ অবস্থায় সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবায় অচলাবস্থার আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সাতরাস্তা মোড়ে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) খুলনা শাখার মিলনায়তনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়। ‘সাম্প্রতিক সময়ে খুলনা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে’ জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ কর্মসূচির আয়োজন করেন।
সমাবেশে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা কামাল বলেন, যেসব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলার ঘটনা ঘটেছে, সেসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের অভিযোগ, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পরও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়নি। কোনো কোনো ক্ষেত্রে হামলার প্রায় দুই ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে এসেছে। অথচ খবর পাওয়ার পর পুলিশের ঘটনাস্থলে পৌঁছাতে সাধারণত সর্বোচ্চ ১৫ থেকে ২০ মিনিট সময় লাগার কথা। পুলিশের এই বিলম্বের কারণ কী এবং এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না- তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্প পরিচালক এবং ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডা. আবু জাফর মো. ছালেহ বলেন, সাম্প্রতিক সময়ে নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। এসব ঘটনার প্রতিবাদেই তারা রাস্তায় নেমেছেন। পুলিশ প্রশাসন জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবেন।
