কুড়িগ্রাম পৌর টাউন হলের নিরাপত্তাপ্রহরী মনসুর আলী হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত শাহনেওয়াজ সানির ফাঁসির দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার দুপুর ১২টায় কুড়িগ্রাম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপিতে হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার আদালতে বিচার কার্যক্রম পরিচালনা, পৌর কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নিহতের পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবি জানানো হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম পৌর কর্মচারী সংসদের সভাপতি আখতারুজ্জামান রাসেল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সভাপতি আলী রেজা হিরন, যুগ্ম সম্পাদক নুরনবী আহমেদ রানা ও সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দীন রবিন প্রমুখ। এ সময় বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার সম্পন্ন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জানা গেছে, গত ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত দুপুরের অনুষ্ঠান শেষে পৌর টাউন হলে দায়িত্ব পালন করছিলেন মনসুর আলী (৬০)। এ সময় অভিযুক্ত শাহনেওয়াজ সানিকে টাউন হলের ভেতরে ঢুকতে বাধা প্রদান করলে ছুরিকাঘাতে তিনি নিহত হন। তিনি কুড়িগ্রাম পৌরসভায় দৈনিক হাজিরাভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করার পাশাপাশি টাউন হলের নিরাপত্তাপ্রহরীর দায়িত্ব পালন করতেন। স্মারকলিপিতে পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- হত্যা মামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিল, দ্রুত বিচার আদালতে বিচার কার্যক্রম পরিচালনা, পৌরসভার মাঠপর্যায়ের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, নিহতের পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রদান এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
