কুমিল্লায় আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেপ্তার

ফন্ট সাইজ:

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১০৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে জেলার ১৮ থানায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা, নাশকতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে কোনো ধরনের নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারেন, সে লক্ষ্যেই জেলা পুলিশের বিভিন্ন ইউনিট একযোগে অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কোতোয়ালি মডেল থানায় ১৪ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৯ জন, চৌদ্দগ্রামে ৭ জন, চান্দিনায় ৬ জন, বুড়িচংয়ে ৮ জন, ব্রাহ্মণপাড়ায় ৩ জন, বরুড়ায় ৪ জন, লাকসামে ৭ জন, মনোহরগঞ্জে ২ জন, নাঙ্গলকোটে ৬ জন, দাউদকান্দি মডেল থানায় ১২ জন, তিতাসে ৪ জন, হোমনায় ৩ জন, মেঘনায় ১ জন, দেবিদ্বারে ৬ জন, মুরাদনগরে ৪ জন, বাঙ্গরা বাজার থানায় ১ জন এবং লালমাই থানায় ৭ জন রয়েছেন। এ ছাড়া, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আরও তিনজনকে গ্রেপ্তার করেছে।