চট্টগ্রাম কাস্টমস হাউজে দীর্ঘদিন পড়ে থাকা ৮টি অকেজো গাড়ি নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার চট্টগ্রাম কাস্টমস হাউজের প্রশাসন শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গাড়িগুলোর মধ্যে রয়েছে চারটি মিতসুবিশি পাজেরো, তিনটি টয়োটা সেলুন ও একটি টয়োটা ল্যান্ড ক্রুজার। ১৯৯১ থেকে ২০০৯ সালের মধ্যে তৈরি এসব গাড়ি বর্তমান অবস্থাতেই বিক্রি করা হবে। তবে নিলামে বিক্রি হলেও গাড়িগুলো পুনরায় নিবন্ধনের সুযোগ থাকছে না। সহকারী কমিশনার (প্রিভেন্টিভ ও প্রশাসন) শরীফ মুহাম্মদ আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে সিলমোহরযুক্ত খামে দরপত্র আহ্বান করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৫শে নভেম্বর দুপুর ১২টার মধ্যে চট্টগ্রাম কাস্টমস হাউজের নির্ধারিত দরপত্র বাক্সে দরপত্র জমা দিতে হবে। একইদিন দুপুর সাড়ে ১২টায় দরদাতাদের উপস্থিতিতে দরপত্র খোলা হবে।
নিলামের তালিকায় থাকা চারটি মিতসুবিশি পাজেরোর মডেল যথাক্রমে ২০০৯, ২০০৪, ২০০০ ও ১৯৯৫ সালের। তিনটি টয়োটা সেলুনের মডেল ১৯৯৬, ১৯৯৬ ও ১৯৯৫ সালের। অন্যদিকে, টয়োটা ল্যান্ড ক্রুজারটি ১৯৯১ সালের। সবগুলো গাড়িই জাপানে তৈরি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ১০ থেকে ২৪শে নভেম্বর পর্যন্ত অফিস চলাকালে টেন্ডার সেল থেকে গাড়িগুলোর ক্যাটালগ ও দরপত্র দলিল সংগ্রহ করা যাবে। প্রতিটি গাড়ির জন্য এসব দলিলের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। নির্ধারিত চালানের মাধ্যমে এ অর্থ জমা দিতে হবে, যা ফেরতযোগ্য নয়। দরপত্রের সঙ্গে প্রতিটি গাড়ির নির্ধারিত মূল্যের ১০ শতাংশ জামানত পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে।
পাশাপাশি দরদাতাদের হালনাগাদ ট্রেড লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে), আয়কর সনদ, ভ্যাট নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জমা দিতে হবে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিজস্ব প্যাডে এবং ব্যক্তির ক্ষেত্রে সাদা কাগজে নাম, পূর্ণ ঠিকানা ও যোগাযোগের তথ্য উল্লেখ করতে হবে। আগ্রহী ক্রেতারা প্রতিদিন অফিস চলাকালে দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চট্টগ্রাম কাস্টমস হাউজ প্রাঙ্গণে গাড়িগুলো সরজমিন পরিদর্শন করতে পারবেন। তবে অকেজো ঘোষিত হওয়ায় নিলামে বিক্রি হওয়া এসব গাড়ি পুনরায় নিবন্ধনের যোগ্য হবে না।
