কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

ফন্ট সাইজ:

কুষ্টিয়া শহরের থানা পাড়ায় দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় জাকিয়া সুলতানা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় ১২ ঘণ্টার মধ্যে সোমবার দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টার দিকে পাটিকাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর ইমন ও তার মা পূর্ব-মজমপুরের মফিজ উদ্দিন বিশ্বাস লেনের তেঁতুলতলা মাঠসংলগ্ন পাঁচতলা লিলি গার্ডেন ভবনের বাসা ছেড়ে চলে যান। সোমবার রাত ১০টার দিকে সরজমিন ওই ভবনে গিয়ে বাসাটি জনশূন্য দেখা যায়।
স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী, ইমন পাটিকাবাড়ী এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার পূর্ব- মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরব প্রবাসী। বড় ভাই আকাশ থাকেন নেদারল্যান্ডসে। দুই ভাইয়ের মধ্যে ইমন ছোট। প্রতিবেশীরা জানান, ইমন বেসরকারি একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। বারবার ফেল করার কারণে এর আগে একাধিকবার স্কুল পরিবর্তন করেছে সে।

এলাকায় তাকে খুব একটা দেখা যেত না। স্থানীয়দের সঙ্গেও তার তেমন মেলামেশা ছিল না। স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় তার নাম আসায় বিস্ময় প্রকাশ করেন প্রতিবেশীরা। জানা যায়, সোমবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে শহরের থানাপাড়ায় নিজ বাসার সামনে ছুরিকাঘাতের শিকার হয় জাকিয়া। স্কুল ছুটির পর বাড়ি ফিরে বাসার গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল সে। এ সময় কালো শার্ট পরা ইমন এসে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে বলে অভিযোগ রয়েছে।

জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে ছুরিটি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন। অভিযোগ রয়েছে, একটি কোচিং সেন্টারে পড়ার সময় থেকেই ইমন বিভিন্নভাবে জাকিয়াকে উত্ত্যক্ত করে আসছিল। দীর্ঘদিনের এই উত্ত্যক্তের প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে সে জাকিয়াকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।