আটোয়ারীতে ৫৮ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯টিতেই প্রধান শিক্ষক নেই

আটোয়ারীতে ৫৮ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯টিতেই প্রধান শিক্ষক নেই

ফন্ট সাইজ:

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৯টিতে নেই নিয়মিত প্রধান শিক্ষক ও অধ্যক্ষ। দীর্ঘদিন ধরে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অধ্যক্ষ দিয়ে চলছে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম। এতে প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাহিদুল ইসলাম জানান, উপজেলায় ৪১টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১৭টি বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। ১৩টি মাদ্রাসার মধ্যে লক্ষ্মীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা চলছে ভারপ্রাপ্ত দিয়ে এবং ৪টি কলেজের মধ্যে আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ চলছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে। তিনি বলেন, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোথাও সহকারি প্রধান শিক্ষক, আবার কোথাও প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের দু’টি পদই শূন্য থাকায় সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। নিয়মিত প্রধান শিক্ষক না থাকায় তাদের ওপর একদিকে শ্রেণিকক্ষে পাঠদান, অন্যদিকে প্রতিষ্ঠানের প্রশাসনিক ও দাপ্তরিক দায়িত্ব পালনের বাড়তি চাপ তৈরি হচ্ছে।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-কর্মচারীদের সমন্বয় এবং শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত ও দক্ষ প্রধান শিক্ষক ও অধ্যক্ষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠান পরিচালিত হলে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ ও উন্নয়নমূলক কার্যক্রমে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
সংশ্লিষ্ট মহলের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগ ও শূন্যপদ পূরণে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়া প্রয়োজন। অন্যথায় শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক গতিশীলতা ব্যাহত হতে পারে। এ অবস্থায় আটোয়ারী উপজেলার ১৭টি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়মিত প্রধান শিক্ষক, একটি আলিম মাদ্রাসা ও একটি কলেজে অধ্যক্ষ নিয়োগের মাধ্যমে দীর্ঘদিনের এ সংকট নিরসনে সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।