‘বশির আহমেদ সম্মাননা’ পাচ্ছেন শবনম

‘বশির আহমেদ সম্মাননা’ পাচ্ছেন শবনম

ফন্ট সাইজ:

২০১৯ সালে বাংলাদেশের প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী বশির আহমেদের দুই উত্তরসূরি হোমায়রা বশির ও রাজা বশিরের উদ্যোগে এবং ‘সারগাম সাউন্ড সিস্টেম’র আয়োজনে বশির আহমেদের জীবন ও কর্মকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে চালু হয় ‘বশির আহমেদ সম্মাননা’। ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সাল পর্যন্ত প্রতি বছরই এ সম্মাননা প্রদান করা হয়ে আসছে। মাঝে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও অন্যান্য আনুষঙ্গিক অনেক বিষয় মিলিয়ে তিন বছর সম্মাননা প্রদান সম্ভব হয়ে ওঠেনি। তবে এ বছর হোমায়রা-রাজা বদ্ধপরিকর যে, যেভাবেই হোক এবার ‘বশির আহমেদ সম্মাননা’ প্রদান করা হবেই। যে কারণে আগামী ১৮ই নভেম্বর বশির আহমেদের জন্মদিনে বিকাল ৪টায় ঢাকার সেগুনবাগিচাস্থ শিল্পকলা একাডেমি’র জাতীয় চিত্রশালায় ‘বশির আহমেদ সম্মাননা-২০২৬’ প্রদান করা হবে।

আর এবারের সম্মাননা অনুষ্ঠানে বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি নায়িকা শবনমকে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত করা
হবে। বিষয়টি নিশ্চিত করেছেন হোমায়রা ও রাজা। শবনম বলেন, আমার অভিনীত বেশ কিছু সিনেমাতে বশির ভাই গান গেয়েছেন, গানগুলো জনপ্রিয়তাও পেয়েছিল। তিনি ভীষণ গুণী একজন শিল্পী ছিলেন। পাকিস্তান, বাংলাদেশ- দুই দেশেই তার সঙ্গে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে। অভিনেত্রী হিসেবে তার কাছ থেকে অনেক প্রশংসা পেয়েছি। বশির ভাইয়েরই দুই ছেলেমেয়ে হোমায়রা ও রাজা বেশ কিছুদিন আগে আমার কাছে এসেছিল, তারা তাদের বাবার সম্মানে চালু হওয়া সম্মাননা পদকে আমাকে ভূষিত করতে চায়। আমি খুব খুশি যে, হোমায়রা ও রাজা আমাকে স্মরণে রেখেছে।