জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত হলিউডের রোমান্টিক সিনেমা ‘দ্য লাভ হাইপোথিসিস’ নিয়ে আলোচনায় অভিনেত্রী লিলি রাইনহার্ট। ছবিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন টম বেটম্যান। সিনেমাটিতে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে বেশ কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলে জানিয়েছেন লিলি। তার ভাষ্য, অভিনয় জীবনে ধারণ করা এটিই ছিল সবচেয়ে তীব্র যৌন দৃশ্য। আলী হ্যাজেলউডের একই নামের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন ক্লেয়ার স্ক্যানলন। সিনেমায় অলিভ স্মিথের চরিত্রে অভিনয় করেছেন লিলি। অন্যদিকে, অধ্যাপক অ্যাডাম কার্লসেনের ভূমিকায় রয়েছেন টম বেটম্যান। গল্পে দেখা যায়, পিএইচডির শিক্ষার্থী অলিভ নিজের ব্যক্তিগত একটি পরিস্থিতি সামাল দিতে অধ্যাপকের সঙ্গে লোকদেখানো প্রেমের সম্পর্কে জড়ায়।
কিন্তু একসময় সেই সাজানো সম্পর্কই সত্যিকারের ভালোবাসায় রূপ নেয়। সম্প্রতি এক পডকাস্টে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করেন লিলি। তিনি বলেন, সেটে ইনটিমেসি কো-অর্ডিনেটর উপস্থিত ছিলেন। সহ-অভিনেতা টমের প্রতিও তার আস্থা ছিল। তবু নগ্নতা ও দৃশ্যটির গভীরতার কারণে নিজেকে উন্মুক্ত করার অনুভূতি কিছুটা অস্বস্তিকর ছিল। লিলির কথায়, শুটিংয়ের পর নিজেকে কিছুটা ব্যবহৃত মনে হয়েছিল। পরবর্তী সময়ে নিজেকে মনে করিয়ে দিতে হয়েছে, দৃশ্যটিতে অভিনয়ের সিদ্ধান্ত তার নিজের ছিল এবং নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণও তারই ছিল। ২০২৬ সালে প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ছবিটিতে অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করেছেন লিলি।
