সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর বিয়ে নিয়ে চলা জল্পনার অবসান ঘটালেন ব্লগার আসাদ নূর। অবশেষে নিজেই পারশাকে বিয়ে করার কথা স্বীকার করেছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে বিয়ের বিষয়ে বিস্তারিত জানান আসাদ নূর। তিনি বলেন, কোনো ধর্মীয় রীতি মেনে নয়, আইনি প্রক্রিয়ায় তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। তবে সেটি বাংলাদেশের প্রচলিত কোনো আইনে নয়। ভারতের ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’র অধীনে তাদের বিয়ে হয়েছে বলে জানান তিনি। এই আইনে বিয়ের জন্য কোনো ধর্মীয় বিধিবিধান পালনের প্রয়োজন হয়নি। বিয়ের খবর প্রকাশ্যে না আনার কারণও ব্যাখ্যা করেছেন আসাদ নূর।
তার বক্তব্য, সমাজের প্রচলিত কিছু ধারণা ও ট্যাবু ভাঙার পাশাপাশি মানুষের প্রতিক্রিয়া বোঝার জন্যই তারা বিষয়টি নিয়ে রহস্য তৈরি করেছিলেন। বিয়ের ছবি প্রকাশ, স্বামীর মুখ আড়ালে রাখা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে অনুসরণ করার বিষয়গুলোও ছিল সেই পরিকল্পনার অংশ। আসাদ নূর আরও বলেন, পারশার পরিবার ও পেশাগত জীবনের প্রতি সম্মান রেখেই তারা একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নিয়েছেন। লাইভে তাদের রাজনৈতিক অবস্থান, ধর্মীয় বিশ্বাস এবং পারশাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আপত্তিকর কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ছবি ও ট্রল নিয়েও কথা বলেন তিনি।
