ভারত থেকে আনা ১৮ রেলকোচ চলাচলের জন্য প্রস্তুত

ভারত থেকে আনা ১৮ রেলকোচ চলাচলের জন্য প্রস্তুত

ফন্ট সাইজ:

ভারত থেকে আমদানি করা ১৮টি রেলকোচের ট্রায়াল রান (পরীক্ষামূলক দৌড়) সফলভাবে সম্পন্ন করে চলাচলের জন্য প্রস্তুত করা হয়েছে। খুব শিগগিরই এসব কোচ আন্তঃনগর ট্রেনে সংযোজন করা হবে বলে সূত্র জানিয়েছে। রেলওয়ে সূত্র জানায়, ইতিপূর্বে বাংলাদেশ রেলওয়ে ব্রডগেজ (বড়) লাইনের জন্য ২০০টি কোচ আমদানির সিদ্ধান্ত নেয়। ওই কোচগুলো ভারতের পাঞ্জাব রাজ্যের কাপুরথালায় অবস্থিত রেলকোচ নির্মাতা প্রতিষ্ঠান রাইটস লিমিটেডে তৈরি হচ্ছে। গত ১৭ই অক্টোবর ওই চালানের প্রথম ১৮টি কোচ দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় এসে পৌঁছায়। সেখানে কোচগুলো পুনঃপ্রক্রিয়াকরণ করা হয়। এ ব্যাপারে সহযোগিতা করেন ভারতীয় রেলের প্রকৌশলীরা। ওই কোচ বহরে রয়েছে ১১টি শোভন চেয়ার কোচ (নন এসি), ৩টি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কোচ (এসি), ২টি এসি স্লিপার কোচ ও ২টি পাওয়ার কার। কমিশনিং শেষে গত রোববার (৮ই নভেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটে বের করে দেয়া হয়। একটি নতুন ডিজেল লোকোমোটিভ ট্রেন বহরটি টেনে পার্বতীপুর নিয়ে যায়। বেলা ১২টায় ওই ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা করে।

একই সূত্র জানায়, ট্রেনটি পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাপরিচালক (জিএম) আহাম্মদ মাসুম, ভারত থেকে ২০০ কোচ আমদানি সংক্রান্ত প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) জয়দুল ইসলাম ও সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ। ট্রেনটিতে সৈয়দপুর, লালমনিরহাট ও পাকশী বিভাগীয় কর্মকর্তারা ভ্রমণ করেছেন। তাদের সঙ্গে শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। এছাড়া সঙ্গে ছিলেন ভারতের বিশেষজ্ঞ দল। এ নিয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নূর মোহাম্মদ বলেন, গত ১৭ই আক্টোবর ভারত থেকে আনা কোচগুলো রেলওয়ে কারখানায় গ্রহণ করার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রায়াল রান দেয়া হয়েছে। সফলভাবে সে রান সম্পন্ন হয়েছে। ছোটখাটো ক্রটি অপসারণ করা হয়েছে। এরপর কোচগুলো খুব শিগগিরই আন্তঃনগর ট্রেনে সংযুক্ত করার কথা রয়েছে বলে জানান তিনি। এসব কোচ দিয়ে আন্তঃনগর ট্রেন চলাচলের কথা রয়েছে।