কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের বিশেষ অভিযানে কর্মকাণ্ড নিষিদ্ধ যুবলীগের দুই নেতাসহ নাশকতা, হত্যা ও বিভিন্ন অপরাধের মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুর ২টার দিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে রয়েছে, কর্মকাণ্ড নিষিদ্ধ দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিলিপনগর এলাকার মোখলেসুর রহমান ওরফে ওয়াসীম কবিরাজ (৪০), প্রাগপুর ইউনিয়ন যুবলীগের সদস্য খন্দকার সেলিম রেজা (৪৫), পাকুড়িয়া এলাকার পিতা হত্যা মামলার আসামি বাবু (৩৫), মানিকদিয়ার এলাকার রবিউল ইসলাম (৩০), বৈরাগীর চর এলাকার রতন আলী (৩৫), মুন্সীগঞ্জ এলাকার আজম মণ্ডল (৪০), জামালপুর এলাকার শফি মণ্ডল (৪৫), ময়রামপুর এলাকার মনিরুল ইসলাম (৪০), লক্ষ্মীখোলা এলাকার রুহুল হোসেন (২১) এবং গরুড়া এলাকার মোহন আলী (২২)। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা ওয়াসীম কবিরাজ ও খন্দকার সেলিম রেজাকে তাদের নিজ নিজ বাড়ি থেকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ছেলের হাতে পিতা বানেজ উদ্দিন হত্যা মামলায় ছেলে বাবুকে গ্রেপ্তার করা হয়। বাকিদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, পুলিশের বিশেষ অভিযানে নাশকতা, হত্যা ও বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
দৌলতপুরে কর্মকাণ্ড নিষিদ্ধ যুবলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ১০
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
১১ নভেম্বর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
